রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

পেঁয়াজ-মরিচের ঝাঁজ কম, সবজির দাম চড়া

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২৮, ২০২৫, ০২:৪৬ পিএম

পেঁয়াজ-মরিচের ঝাঁজ কম, সবজির দাম চড়া

সবচেয়ে বেশি ঝাঁজ ছড়ানো মসলাজাতীয় পণ্য কাঁচামরিচের দাম কমে অর্ধেকে নেমেছে। সপ্তাহের ব্যবধানে ১৬০ থেকে ২০০ টাকার কাঁচামরিচ গতকাল বৃহস্পতিবার বিক্রি হয়েছে ৮০ থেকে ১০০ টাকায়।

কেজিতে আরো পাঁচ টাকা কমে পেঁয়াজ ৯৫ থেকে ১০৫ টাকা এবং গ্রীষ্মকালীন পাতাযুক্ত নতুন পেঁয়াজ ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।

তবে, ক্রেতারা বলছেন, শীতের সবজির সরবরাহ বাড়লেও বাজার এখনো চড়া। অন্যান্য বছরের তুলনায় এবার এ সময়ে এখনো দাম অনেক বেশি। বিক্রেতারা বলছেন, সরবরাহ বাড়তে শুরু করেছে, কয়েক দিনের মধ্যে দাম আরো কমে আসবে।

গতকাল বৃহস্পতিবার রাজধানীর নয়াবাজার ও কারওয়ান বাজারের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, গত দুই-তিন দিন থেকে সরবরাহ বেড়ে দাম কিছুটা কমে এলেও কিছু সবজি এখনো বাড়তি দামেই বিক্রি হচ্ছে।

সবজির নাম মূল্য (প্রতি কেজি)
শিম ১০০ থেকে ১২০ টাকা
টমেটো ১০০ থেকে ১৪০ টাকা
করলা ৯০ থেকে ১০০ টাকা
বেগুন ৮০ থেকে ১২০ টাকা
নতুন আলু ১০০ থেকে ১২০ টাকা
বরবটি ও কাঁকরোল ৭০ থেকে ৮০ টাকা

তবে ছোট আকারের ফুল ও বাঁধাকপি গত সপ্তাহের চেয়ে অন্তত পাঁচ থেকে ১০ টাকা কমে ৩০ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে। ৫০ টাকার লাউ গতকাল বিক্রি হয়েছে ৩০-৪০ টাকায়। পুরোনো আলু কিছুটা বেড়ে ২৫ টাকায় বিক্রি হলেও নতুন আলুর দাম এখনো আকাশছোঁয়া।

সবজি কিছুটা বাড়তি দামে বিক্রি হলেও মাছ-মাংসের বাজার স্থিতিশীল রয়েছে। ডিম ও মুরগির বাজারেও স্বস্তি বিরাজ করছে।ডিম: ফার্মের প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ১১৫ থেকে ১২০ টাকায় (পাড়া-মহল্লায় ১২৫-১৩০ টাকা)।মুরগি: প্রতি কেজি ব্রয়লার ১৫৫ থেকে ১৭০ টাকা এবং সোনালি জাতের মুরগির কেজি ২৫০ থেকে ২৯০ টাকা দরে বিক্রি হচ্ছে।

মাংস: প্রতি কেজি গরুর মাংস ৭৫০ থেকে ৭৮০ টাকা, খাসির মাংস ১ হাজার ২০০ থেকে ১ হাজার ২৫০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।তবে খুচরা ব্যবসায়ীরা বলছেন, বিভিন্ন কোম্পানির প্রতিনিধিরা তাদের জানিয়েছেন, কয়েক দিনের মধ্যে সয়াবিন তেল লিটারে পাঁচ-ছয় টাকা বাড়তে পারে। যদিও সরবরাহে কোনো সংকট নেই বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।