ডিসেম্বর ৭, ২০২৫, ১০:৪৩ এএম
আমদানি শুল্ক কমানোসহ ছয় দফা দাবিতে রাজধানীর আগারগাঁও বিটিআরসি'র (বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন) সামনে অবস্থান নিয়েছেন মোবাইল ব্যবসায়ী ও কর্মচারীরা। আজ রোববার (৭ ডিসেম্বর) সকাল থেকে সেখানে জড়ো হতে থাকেন তারা।
এই অবস্থান কর্মসূচির ফলে জাতীয় অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ খাতে অস্থিরতা দেখা দিয়েছে। এদিকে, যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিটিআরসি ভবনের চারপাশ ঘিরে রেখেছে পুলিশ এবং সেখানে পুলিশের ব্যাপক উপস্থিতি দেখা গেছে।
এর আগে, গতকাল শনিবার মোবাইল ব্যবসায়ীদের সংগঠন 'মোবাইল বিজনেস কমিনিউটি বাংলাদেশ' অনির্দিষ্টকালের জন্য সারাদেশের মোবাইল দোকান বন্ধের ঘোষণা দেয়।
মোবাইল ব্যবসায়ীদের মূল ৬ দফা দাবিগুলো:
১. মুক্ত আমদানি বাণিজ্য: স্মার্টফোন আমদানির অনুমতির একটি শর্ত হিসেবে মোবাইল আমদানিকারকদের সঙ্গে স্থানীয় স্মার্টফোন প্রস্তুতকারকদের বাধ্যতামূলক চুক্তির নিয়ম বাতিল করা।
২. শুল্ক হ্রাস: বৈষম্যমূলক বাজার নিয়ন্ত্রণ দূর করতে ক্ষুদ্র, মাঝারি ও বিভিন্ন মোবাইল ব্যবসায়ীর জন্য আমদানি শুল্ক ১৫ শতাংশ করা।
৩. এনইআইআর অর্থায়ন: বেসরকারি এবং স্থানীয় স্মার্টফোন প্রস্তুতকারকদের অর্থায়ন বাতিল করে এনইআইআর (ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার) সরকারের নিজস্ব অর্থায়নে বাস্তবায়ন করা।
৪. অবিক্রীত ফোন বিক্রির সুযোগ: সারাদেশে ব্যবসায়ীদের কাছে থাকা অবিক্রীত মোবাইল ফোন বিক্রির জন্য কোনো শর্ত আরোপ না করে সুযোগ দেওয়া বা ব্যবসায়ীদের পর্যাপ্ত সময় দেওয়া।
৫. পরীক্ষামূলক কার্যক্রম: এনইআইআর বাস্তবায়নের আগে গ্রাহক এবং বিক্রেতা পর্যায়ে কার্যকরের প্রক্রিয়ার ধারণার জন্য ডেমো বা টিউটোরিয়াল ভিডিও প্রকাশ করা এবং কমপক্ষে ছয় মাস পরীক্ষামূলক কার্যক্রম চালানো।
৬. ভেন্ডর এনলিস্টমেন্ট সহজীকরণ: বিটিআরসির ভেন্ডর এনলিস্টমেন্ট প্রক্রিয়াটি সহজ ও দ্রুত সময়ে কার্যকর নিশ্চিত করা।
এই দাবিতে ব্যবসায়ীরা তাদের অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। সরকারের পক্ষ থেকে কোনো ইতিবাচক সাড়া না পেলে এই আন্দোলন আরও তীব্র হতে পারে বলে তারা হুঁশিয়ারি দিয়েছেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন