রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

স্বর্ণের বাজারে ফের ‘আগুন’, বিশ্বজুড়ে নতুন রেকর্ড

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ২, ২০২৬, ০৬:১১ পিএম

স্বর্ণের বাজারে ফের ‘আগুন’, বিশ্বজুড়ে নতুন রেকর্ড

বিশ্বজুড়ে চলমান ভূ-রাজনৈতিক অস্থিরতা এবং আন্তর্জাতিক রাজনীতির জটিল সমীকরণে স্বর্ণের বাজারে ফের অস্থিরতা দেখা দিয়েছে। নতুন বছরের শুরুতেই বিশ্ববাজারে এই মূল্যবান ধাতুর দাম এক লাফে অনেকটা বেড়ে গেছে যা সাধারণ ক্রেতা ও বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।

শুক্রবার ২ জানুয়ারি বাংলাদেশ সময় দুপুর ১টা ২৪ মিনিটে আন্তর্জাতিক বাজারে স্পট স্বর্ণের দাম ১ দশমিক ৪ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি আউন্স ৪ হাজার ৩৭২ দশমিক ৩৫ ডলারে দাঁড়িয়েছে।

রয়টার্সের দেওয়া তথ্য অনুযায়ী বিশ্বজুড়ে বিভিন্ন দেশে চলমান যুদ্ধ পরিস্থিতি এবং কেন্দ্রীয় ব্যাংকগুলোর সোনা মজুত করার ক্রমবর্ধমান চাহিদাই এই আকস্মিক দাম বৃদ্ধির পেছনে মূল কারণ হিসেবে কাজ করছে।

বিশ্লেষকরা বলছেন বর্তমান বৈশ্বিক রাজনীতির প্রেক্ষাপটে বিনিয়োগকারীরা নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের দিকেই বেশি ঝুঁকছেন। মার্কিন ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর আভাস এবং শক্তিশালী অর্থনীতির দেশগুলোর মধ্যকার সম্পর্কের টানাপোড়েন স্বর্ণের দামকে উসকে দিচ্ছে। গত বছর অর্থাৎ ২০২৫ সালে স্বর্ণের বার্ষিক মূল্যবৃদ্ধি ছিল ৬৪ শতাংশ যা ১৯৭৯ সালের পর সর্বোচ্চ রেকর্ড হিসেবে গণ্য করা হচ্ছে।

সেই ধারাবাহিকতা বজায় রেখেই ২০২৬ সালের শুরুতেও বাজার ঊর্ধ্বমুখী রয়েছে। আন্তর্জাতিক বাজার বিশ্লেষক টিম ওয়াটারার জানিয়েছেন যতক্ষণ পর্যন্ত বৈশ্বিক অস্থিরতা ও যুদ্ধ পরিস্থিতি স্বাভাবিক না হচ্ছে ততক্ষণ সোনার দাম কমার সম্ভাবনা খুবই কম। বিশ্ব রাজনীতির এই ডামাডোলে সোনার বাজার এখন সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাওয়ার উপক্রম হয়েছে।