রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ৩১, ২০২৬, ১১:১৭ এএম

দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন

দেশের বাজারে টানা দ্বিতীয় দিনের মতো স্বর্ণের দামে বড় ধরণের পতন হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে সর্বোচ্চ ১৫ হাজার ৭৪৫ টাকা কমিয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করেছে ২ লাখ ৫৫ হাজার ৬১৭ টাকা। আজ শনিবার (৩১ জানুয়ারি) সকাল থেকেই সারাদেশে এই নতুন মূল্য কার্যকর হয়েছে।

উল্লেখ্য যে, এর আগে শুক্রবারও (৩০ জানুয়ারি) ভরিতে ১৪ হাজার ৬৩৯ টাকা কমিয়েছিল বাজুস। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে দুই দফায় দাম কমায় দেশের জুয়েলারি বাজারে বড় ধরণের চাঞ্চল্য ও ক্রেতাদের মাঝে স্বস্তি দেখা গেছে।

বাজুসের নতুন নির্ধারিত মূল্য তালিকা:

২২ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ৫৫ হাজার ৬১৭ টাকা।

২১ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ৪৪ হাজার ১০ টাকা।

১৮ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ৯ হাজার ১৩৫ টাকা।

সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১ লাখ ৭১ হাজার ৮৬৯ টাকা।

বিশ্ববাজারে স্বর্ণের দামে নাটকীয় ধসের প্রভাবেই দেশের বাজারে এই বড় সমন্বয় করা হয়েছে। বিনিয়োগকারীদের মুনাফা তুলে নেওয়ার প্রবণতার কারণে আন্তর্জাতিক বাজারে শুক্রবার স্বর্ণের দাম ৮ শতাংশের বেশি কমে গেছে। স্পট গোল্ডের দাম প্রতি আউন্স ৪ হাজার ৮৯০ ডলারে নেমে এসেছে, যা গত বৃহস্পতিবার সকালেও ৫ হাজার ৫৫০ ডলারের ওপরে উঠে সর্বকালের সর্বোচ্চ রেকর্ড গড়েছিল।

বিশ্লেষকদের মতে, মাত্র দুই দিনের ব্যবধানে বিশ্ববাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম প্রায় ৬৬০ ডলার কমেছে, যা বাংলাদেশি মুদ্রায় ৮০ হাজার ৫০০ টাকারও বেশি। বিশ্ববাজারে এই অস্থিরতা ও দরপতনের ঢেউ এখন দেশের স্বর্ণের বাজারকে নিম্নমুখী করছে।