মার্চ ২৪, ২০২৬, ০৯:৪৯ এএম
দেশের বাজারে স্বর্ণের দাম বড় অংকের কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমে যাওয়ায় দুই দফায় এই মূল্য সমন্বয় করা হয়েছে। সবশেষ ঘোষণায় ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৭ হাজার ৬৯৮ টাকা কমানো হয়েছে।
বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে গতকাল বিকেল থেকেই নতুন এই দাম কার্যকর হয়েছে এবং আজ মঙ্গলবারও নির্ধারিত ওই দরেই বাজারে স্বর্ণ কেনাবেচা চলবে। বৈশ্বিক ও স্থানীয় বাজারের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে স্বর্ণের নতুন এই দাম নির্ধারণ করা হয়েছে বলে দাবি করেছে সংগঠনটি।
বাজুসের তথ্য অনুযায়ী নতুন দর অনুযায়ী এখন থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৫৪ হাজার ৬২৫ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ২ লাখ ২ হাজার ২০ টাকা নির্ধারণ করা হয়েছে।
সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ১ লাখ ৬৪ হাজার ৫২১ টাকায়। জুয়েলারি ব্যবসায়ীরা মনে করছেন ঈদের আগে দাম কমানোর ফলে বাজারে বেচাকেনা কিছুটা বাড়তে পারে যা সাধারণ ক্রেতাদের জন্য স্বস্তির খবর। তবে গত কয়েক বছর ধরে স্বর্ণের বাজারের অস্থিরতা বজায় থাকায় সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।পরিসংখ্যান বলছে চলতি ২০২৬ সালে এখন পর্যন্ত দেশের বাজারে মোট ৪৫ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে।
এর মধ্যে ২৬ বার দাম বাড়ানো হয়েছে এবং ১৯ বার কমানো হয়েছে। এর আগে ২০২৫ সালেও স্বর্ণের বাজারের অস্থিরতা লক্ষ্য করা গিয়েছিল। সে বছর মোট ৯৩ বার দাম সমন্বয় করা হয়েছিল যার মধ্যে ৬৪ বার দাম বাড়ানো হয় এবং ২৯ বার কমানো হয়। আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় রেখে বাজুস নিয়মিত বিরতিতে স্বর্ণের এই দাম পরিবর্তন করে আসছে। তবে এবারের বড় পতনটি গত কয়েক সপ্তাহের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন