সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার খবরে তেলের দামে বড় পতন

দিনাজপুর টিভি ডেস্ক

মার্চ ২৫, ২০২৬, ১০:৪২ এএম

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার খবরে তেলের দামে বড় পতন

তেলের দাম কমছে

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ বন্ধে আলোচনার খবরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধরনের পতন দেখা গেছে। বুধবার এশিয়ার বাজারে লেনদেনের শুরুতেই তেলের দাম অনেকটা কমে যায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে যুদ্ধ বন্ধে বর্তমানে আলোচনা চলছে। ট্রাম্পের এই বার্তার পরই আন্তর্জাতিক বাজারে তেলের দামে এই বড় প্রভাব লক্ষ্য করা যায়। 

বাজার বিশ্লেষকরা বলছেন, ভূ-রাজনৈতিক অস্থিরতা কমার সংকেত পেয়েই বিনিয়োগকারীরা সতর্ক অবস্থানে চলে গেছেন এবং যার ফলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম দ্রুত কমতে শুরু করেছে।

আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ৬ দশমিক ৬ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৭ দশমিক ৫৬ ডলারে নেমেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রে লেনদেন হওয়া তেলের দাম ৫ দশমিক ৫ শতাংশের বেশি কমে ব্যারেলপ্রতি ৮৭ দশমিক ২০ ডলারে দাঁড়িয়েছে। 

ট্রাম্প জানিয়েছেন যে আলোচনায় যুক্ত পক্ষগুলো একটি চুক্তিতে পৌঁছাতে খুবই আগ্রহী। তিনি আরও উল্লেখ করেন যে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই প্রক্রিয়ার সঙ্গে সরাসরি যুক্ত আছেন। হোয়াইট হাউসের এই ইতিবাচক বার্তা তেলের বাজারকে অনেকটাই শীতল করেছে বলে মনে করা হচ্ছে।তবে ইরানের পক্ষ থেকে ট্রাম্পের এই দাবি সরাসরি অস্বীকার করা হয়েছে। তেহরানের একজন উচ্চপদস্থ কর্মকর্তা এ ধরনের আলোচনার খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন ও ভুয়া বলে বর্ণনা করেছেন। 

ইরান ও ইসরায়েলের মধ্যে এখনো পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটছে যা এই অঞ্চলের পরিস্থিতিকে চরম উত্তেজনাপূর্ণ করে রেখেছে। এই পাল্টাপাল্টি অবস্থান ও যুদ্ধের আশঙ্কার মধ্যে ট্রাম্পের মন্তব্যে বাজার ক্ষণিকের জন্য পড়লেও ইরান এটি অস্বীকার করায় ভবিষ্যৎ পরিস্থিতি নিয়ে অস্পষ্টতা তৈরি হয়েছে। বিশ্ববাজারের এই অস্থিরতা সরাসরি বাংলাদেশের আমদানিনির্ভর অর্থনীতির ওপর বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন অর্থনীতিবিদরা।