এপ্রিল ১১, ২০২৬, ০৯:৩৬ এএম
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত বিশ্ব অর্থনীতিতে একটি ধারাবাহিক বা ক্যাসকেডিং প্রভাব ফেলতে পারে বলে সতর্ক করেছেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা। শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এই আশঙ্কার কথা জানান। অজয় বাঙ্গা মনে করেন, সংঘাত দীর্ঘায়িত হলে বৈশ্বিক বাজারে অস্থিরতা এবং অর্থনৈতিক মন্দার ঝুঁকি মারাত্মকভাবে বেড়ে যাবে।
বিশ্বব্যাংক প্রধানের মতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত যুদ্ধবিরতি যদি কার্যকর হয় তবুও অর্থনীতির ওপর এর নেতিবাচক প্রভাব পুরোপুরি এড়ানো সম্ভব হবে না।
তবে যদি আলোচনা ব্যর্থ হয় এবং সংঘাত আরও ছড়িয়ে পড়ে তবে বিশ্ব অর্থনীতির ক্ষতির মাত্রা অপূরণীয় হয়ে দাঁড়াতে পারে। এই সংকটের ফলে জ্বালানি তেলের বাজারে অস্থিরতা এবং পণ্য পরিবহনের খরচ বাড়ার প্রবল সম্ভাবনা রয়েছে।
সংস্থাটির সাম্প্রতিক হিসাব অনুযায়ী একটি স্বল্পমেয়াদি যুদ্ধবিরতি কার্যকর হলেও বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি শূন্য দশমিক ৩ থেকে শূন্য দশমিক ৪ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে। পরিস্থিতি আরও ঘোলাটে হলে বা যুদ্ধ দীর্ঘস্থায়ী রূপ নিলে এই ক্ষতির পরিমাণ ১ শতাংশ পর্যন্ত পৌঁছাতে পারে। এর ফলে নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোর জীবনযাত্রার মান আরও কঠিন হয়ে পড়ার আশঙ্কা রয়েছে।
বিশ্বব্যাংকের এই পূর্বাভাসে মূল্যস্ফীতি নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। সাধারণ পরিস্থিতিতে মূল্যস্ফীতি ২০০ থেকে ৩০০ বেসিস পয়েন্ট বাড়ার ঝুঁকি থাকলেও চরম পরিস্থিতিতে এটি শূন্য দশমিক ৯ শতাংশ পয়েন্ট পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে ২০২৬ সালের জন্য উদীয়মান ও উন্নয়নশীল দেশগুলোর প্রবৃদ্ধির পূর্বাভাস ৪ শতাংশ থেকে কমিয়ে ৩ দশমিক ৬৫ শতাংশ করা হয়েছে। তবে সংঘাত না থামলে এই হার ২ দশমিক ৬ শতাংশে নেমে আসার আশঙ্কা রয়েছে।
একই সময়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হতে যাচ্ছে। আজ পাকিস্তানের ইসলামাবাদে এই যুদ্ধবিরতি আলোচনায় যোগ দিচ্ছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট করে জানিয়েছেন এই আলোচনার প্রধান লক্ষ্য হলো ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখা। তিনি সাংবাদিকদের বলেছেন একটি ভালো চুক্তির মানে হলো ইরানের কাছে কোনো পারমাণবিক অস্ত্র থাকবে না।
ট্রাম্প দাবি করেছেন ইরানে ইতোমধ্যে এক ধরনের শাসনব্যবস্থার পরিবর্তন বা রেজিম চেঞ্জ ঘটেছে বলে তিনি মনে করেন। এর পাশাপাশি তিনি আন্তর্জাতিক নৌপথ হরমুজ প্রণালি দ্রুত খুলে দেওয়ার ইঙ্গিত দিয়েছেন। যদিও ইরানের পক্ষ থেকে জাহাজ চলাচলে টোল আদায়ের পরিকল্পনা রয়েছে তবে ট্রাম্প সরাসরি জানিয়ে দিয়েছেন যুক্তরাষ্ট্র এমনটা হতে দেবে না। মূলত এই ভূ-রাজনৈতিক অস্থিরতাই এখন বৈশ্বিক অর্থনীতির সবচেয়ে বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন