রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনার খবরে বিশ্ববাজারে কমছে তেলের দাম

দিনাজপুর টিভি ডেস্ক

এপ্রিল ২১, ২০২৬, ০৩:৫৭ পিএম

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনার খবরে বিশ্ববাজারে কমছে তেলের দাম

ইসলামাবাদে দ্বিতীয় দফায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তি আলোচনার খবরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমতে শুরু করেছে। দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা নিরসনে নতুন করে সংলাপের পথ সুগম হওয়ার সংবাদে আজ মঙ্গলবার এশিয়ার শেয়ারবাজারেও কিছুটা চাঞ্চল্য ও স্থিতিশীলতা ফিরেছে। 

চলতি সপ্তাহেই দেশ দুটির প্রতিনিধিরা আলোচনার টেবিলে বসতে পারেন—বিনিয়োগকারীদের মধ্যে এমন প্রত্যাশা তৈরি হওয়ায় বিশ্ব অর্থনীতিতে দীর্ঘস্থায়ী অস্থিরতার অবসান ঘটার সম্ভাবনা দেখা দিয়েছে।

এর আগে গতকাল সোমবার এই আলোচনা নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হওয়ায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম এক ধাক্কায় প্রায় ৬ শতাংশ বেড়ে গিয়েছিল। তবে আজ আলোচনার নতুন সম্ভাবনা তৈরি হওয়ার সাথে সাথে বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ৫৪ সেন্ট বা ০ দশমিক ৬ শতাংশ কমে ৯৪ দশমিক ৯৪ ডলারে এসে দাঁড়িয়েছে। 

একই চিত্র দেখা গেছে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআই তেলের ক্ষেত্রেও। মে মাসের সরবরাহের জন্য ডব্লিউটিআই-এর দর ব্যারেলপ্রতি ১ দশমিক ১১ ডলার বা ১ দশমিক ২ শতাংশ কমে ৮৮ দশমিক ৫০ ডলারে নেমে এসেছে।দীর্ঘদিন ধরে চলে আসা ইরান ও যুক্তরাষ্ট্রের এই সংঘাত বিশ্বজুড়ে জ্বালানি তেলের সরবরাহ ব্যবস্থায় বড় ধরণের ধাক্কা দিয়েছে। জ্বালানির এই আকাশচুম্বী দামের কারণে বিশ্ব অর্থনীতি গভীর মন্দার দ্বারপ্রান্তে পৌঁছে যেতে পারে বলে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা বারবার সতর্ক করে আসছিল।

 তবে ইসলামাবাদে আয়োজিত এই শান্তি আলোচনার নতুন সম্ভাবনা সেই বৈশ্বিক মন্দার আশঙ্কাকে কিছুটা হলেও কমিয়ে আনছে। বিশ্লেষকরা মনে করছেন, যদি এই আলোচনা সফল হয় তবে জ্বালানি তেলের বাজারে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা আসবে যা সামগ্রিক বিশ্ব অর্থনীতির চাকা সচল রাখতে সহায়ক হবে।