রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

স্বর্ণের দামে বড় পতন, দুই দফা কমার পর এবার ভরি কত?

দিনাজপুর টিভি ডেস্ক

এপ্রিল ২৮, ২০২৬, ০৭:৫০ পিএম

স্বর্ণের দামে বড় পতন, দুই দফা কমার পর এবার ভরি কত?

স্বর্ণের নতুন দাম নির্ধারণ

দেশের বাজারে টানা দ্বিতীয়বারের মতো স্বর্ণ ও রুপার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। মঙ্গলবার (২৮ এপ্রিল) থেকে কার্যকর হওয়া নতুন দর অনুযায়ী, সবথেকে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা কমানো হয়েছে।নতুন দর অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা। 

মঙ্গলবার সকাল ১০টা থেকে এই দাম কার্যকর হয়েছে বলে বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমেছে। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এর আগে গত ২৩ এপ্রিল শেষবার স্বর্ণের দাম কমিয়েছিল বাজুস। সব মিলিয়ে গত দুই দফায় প্রতি ভরি স্বর্ণের দাম মোট ৫ হাজার ৪৮২ টাকা কমল।

স্বর্ণের পাশাপাশি রুপার দামও ভরিতে ২৩৩ টাকা কমানো হয়েছে। এখন থেকে ২২ ক্যারেটের এক ভরি রুপা কিনতে গুণতে হবে ৫ হাজার ৪৮২ টাকা। গত ২৩ এপ্রিল রুপার দাম ভরিতে ৩৫০ টাকা কমানো হয়েছিল। অর্থাৎ দুই দফায় রুপার দাম মোট ৫৮৪ টাকা কমল।বাজুসের তালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম ২ লাখ ৩৩ হাজার ৫৭২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২১৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৬৩ হাজার ৬৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

রুপার নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেট ৫ হাজার ১৯০ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৪৯১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৩ হাজার ৩৮৩ টাকা ধরা হয়েছে।বাজুসের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, ২০২৬ সালের শুরু থেকে এ পর্যন্ত দেশে স্বর্ণের দাম মোট ৫৭ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩২ বার দাম বেড়েছে এবং ২৫ বার কমেছে। অন্যদিকে চলতি বছর রুপার দাম সমন্বয় করা হয়েছে মোট ৩৬ বার।

বিগত ২০২৫ সালে দেশে স্বর্ণের দাম ৯৩ বার এবং রুপার দাম ১৩ বার সমন্বয় করা হয়েছিল। সংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক বাজারের পরিস্থিতি এবং স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের সরবরাহ বৃদ্ধি পাওয়ায় নিয়মিত এই সমন্বয় করছে বাজুস।