রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

অকটেনের বড় চালান নিয়ে চট্টগ্রাম বন্দরে নোঙর করলো জাহাজ

দিনাজপুর টিভি ডেস্ক

এপ্রিল ৩০, ২০২৬, ১১:০৫ এএম

অকটেনের বড় চালান নিয়ে চট্টগ্রাম বন্দরে নোঙর করলো জাহাজ

অকটেনের চালান নিয়ে বন্দরে ‘কুইচি’।

জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে মালয়েশিয়া থেকে বড় চালান নিয়ে আবারও চট্টগ্রাম বন্দরে ভিড়েছে বিদেশি জাহাজ। হংকংয়ের পতাকাবাহী জাহাজ ‘কুইচি’ ২৬ হাজার টন অকটেন নিয়ে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে বন্দরের বহির্নোঙরে নোঙর করেছে।চলতি মাসে এটি অকটেনের তৃতীয় চালান, যা দেশের জ্বালানি মজুদে স্বস্তি ফিরিয়ে আনবে বলে আশা করা হচ্ছে। 

জাহাজটির লোকাল এজেন্ট প্রাইড শিপিং লাইন জানিয়েছে, দুপুর থেকেই জাহাজটি থেকে তেল খালাস কার্যক্রম শুরু হবে। এর আগে গত ৮ এপ্রিল ২৬ হাজার টন এবং ১৭ এপ্রিল ২৭ হাজার টন অকটেন নিয়ে আরও দুটি জাহাজ বন্দরে এসেছিল।

জ্বালানি খাতের সংশ্লিষ্ট পরিসংখ্যানে দেখা গেছে, দেশে দৈনিক অকটেনের চাহিদা প্রায় এক হাজার ২০০ টন। সেই হিসেবে চলতি এপ্রিল মাসে আসা মোট ৭৯ হাজার টন অকটেন দিয়ে দেশের অভ্যন্তরীণ চাহিদা দুই মাসেরও বেশি সময় অনায়াসেই মেটানো সম্ভব হবে।

প্রাইড শিপিং লাইনের স্বত্বাধিকারী নজরুল ইসলাম জানান, বর্তমানে বন্দরের বহির্নোঙরে অকটেন ও ডিজেল নিয়ে আরও পাঁচটি জাহাজ অবস্থানের অপেক্ষায় রয়েছে। এছাড়া বুধবার তিনটি জাহাজ বার্থিং করে তেল খালাস প্রক্রিয়া শুরু করেছে।

নজরুল ইসলাম আরও উল্লেখ করেন, চট্টগ্রাম বন্দরে ডলফিন জেটি মাত্র তিনটি হওয়ায় সব জাহাজকে একসঙ্গে বার্থিং দেওয়া সম্ভব হচ্ছে না। এছাড়া বর্তমানে চলমান খারাপ আবহাওয়ার কারণে কার্গো খালাস কার্যক্রমে কিছুটা ধীরগতি ও বিঘ্ন সৃষ্টি হচ্ছে। তবে অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি তেলের জাহাজগুলো থেকে দ্রুত পণ্য খালাসের চেষ্টা চলছে।