রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

দেশে জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ৩০, ২০২৬, ০৭:৩৭ পিএম

দেশে জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ

ছবি: দিনাজপুর টিভি গ্রাফিক্স

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী থাকলেও দেশের বাজারে আগস্ট মাসের জন্য সব ধরনের জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।

বৃহস্পতিবার প্রকাশিত প্রজ্ঞাপনে বলা হয়, ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের সর্বশেষ নির্ধারিত খুচরা মূল্যই আগস্ট মাসে বহাল থাকবে। ফলে আগামী ১ আগস্ট থেকে ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেল ১১৫ টাকায়, কেরোসিন ১৩৫ টাকায়, অকটেন ১৪৫ টাকায় এবং পেট্রল ১৪০ টাকায় বিক্রি হবে।

এর আগে গত ৩১ মে জ্বালানি তেলের মূল্য সর্বশেষ সমন্বয় করা হয়েছিল। পরবর্তীতে জুন ও জুলাই মাসেও জ্বালানি তেলের মূল্য অপরিবর্তিত রাখা হয়েছিল। বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে গত বছরের মার্চ মাস থেকে স্বয়ংক্রিয় পদ্ধতিতে জ্বালানি তেলের দাম নির্ধারণ করে আসছে সরকার।বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন বা বিপিসির তথ্য অনুযায়ী, দেশে প্রতি বছর জ্বালানি তেলের মোট চাহিদা প্রায় ৭২ লাখ টন। 

এর মধ্যে প্রায় ৭৫ শতাংশই ডিজেল ব্যবহার করা হয়। মূলত কৃষি সেচ, পরিবহন খাত এবং জেনারেটরে ডিজেলের ব্যবহার সবচেয়ে বেশি। বাকি ২৫ শতাংশ চাহিদা পূরণ হয় পেট্রোল, অকটেন, কেরোসিন, জেট ফুয়েল ও ফার্নেস অয়েলসহ অন্যান্য জ্বালানি দিয়ে।বর্তমানে তরলীকৃত পেট্রলিয়াম গ্যাস বা এলপিজির দাম আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিল রেখে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন নিয়মিত নির্ধারণ করছে।