মে ৮, ২০২৬, ০৯:৩৫ এএম
দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়ানো হয়েছে। ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এতে প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকায়। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে এই দাম কার্যকর করা হয়েছে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়।
বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিটির চেয়ারম্যান দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বেড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে স্বর্ণ ও রুপার নতুন দাম সমন্বয় করা হয়েছে।
নতুন মূল্য তালিকা অনুযায়ী, দেশে ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৩৩ হাজার ৫৭২ টাকা। এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২১৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৬৩ হাজার ৬৩ টাকায় বিক্রি হবে। গত ৬ মে স্বর্ণের দাম যখন শেষবার সমন্বয় করা হয়েছিল, তখন ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ছিল ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা। মাত্র এক দিনের ব্যবধানে আবারও মূল্যবান এই ধাতুর দাম বাড়ল।
চলতি ২০২৬ সালে এখন পর্যন্ত দেশের বাজারে মোট ৬৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৫ বার দাম বাড়ানো হয়েছে এবং কমানো হয়েছে ২৮ বার। গত ২০২৫ সালেও দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। তখন ৬৪ বার দাম বাড়ানো হয়েছিল এবং ২৯ বার কমানো হয়েছিল।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সের তথ্য অনুযায়ী, বৈশ্বিক বাজারেও স্বর্ণের দাম ঊর্ধ্বমুখী। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তিচুক্তির আশায় এবং ডলারের মান কিছুটা দুর্বল হওয়ায় বিশ্ববাজারে স্বর্ণের দাম বেড়ে দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। একই সময়ে তেলের দাম কমে যাওয়ায় নিরাপদ বিনিয়োগ হিসেবে মূল্যবান এই ধাতুর চাহিদা বেড়েছে।
স্বর্ণের পাশাপাশি দেশে রুপার দামও বাড়ানো হয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ৫ হাজার ৭৭৪ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ৫৪০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৭২৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ৩ হাজার ৫৫৮ টাকায় বেচাকেনা হচ্ছে। চলতি বছর এখন পর্যন্ত রুপার দাম ৩৮ বার সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ২১ বার দাম বেড়েছে এবং বাকি ১৭ বার কমানো হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন