রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ফের বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

দিনাজপুর টিভি ডেস্ক

মে ১৩, ২০২৬, ০১:৩২ পিএম

ফের বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে আরও পতন হয়েছে। মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে চলমান অনিশ্চয়তা এবং যুক্তরাষ্ট্রের প্রত্যাশার চেয়ে বেশি মূল্যস্ফীতির তথ্য প্রকাশের পর মূল্যবান এই ধাতুর দাম নিম্নমুখী হয়েছে। এর আগের দিনও স্বর্ণের দাম কিছুটা কমেছিল বলে বুধবার রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে।

বাজারের সর্বশেষ তথ্য অনুযায়ী, বুধবার স্পট গোল্ডের দাম দশমিক ১ শতাংশ কমেছে। এতে প্রতি আউন্স স্বর্ণের দাম দাঁড়িয়েছে ৪ হাজার ৭১০ দশমিক ৩৭ ডলারে। আগের সেশনে স্বর্ণের দাম তিন সপ্তাহের সর্বোচ্চ অবস্থানে পৌঁছালেও নতুন করে তা আবার নিচের দিকে নামলো।

অন্যদিকে জুনে ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণ ফিউচার্সের দামে ভিন্ন চিত্র দেখা গেছে। এই ক্ষেত্রে দাম দশমিক ৭ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৭১৭ দশমিক ৫০ ডলারে উঠেছে।

বাজার বিশ্লেষকরা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক মূল্যস্ফীতি প্রত্যাশার চেয়ে বেশি শক্তিশালী হওয়ায় মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ বা ফেড দ্রুত সুদহার কমাবে এমন আশা ক্ষীণ হয়ে পড়েছে। সাধারণত সুদের হার বেশি থাকলে স্বর্ণের মতো সুদবিহীন সম্পদের চাহিদা বিনিয়োগকারীদের কাছে কমে যায়। ফেডের সুদহার কমানোর সম্ভাবনা নিয়ে নতুন সংশয় তৈরি হওয়ায় আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে এর প্রভাব পড়েছে।

এদিকে বিশ্ববাজারের বিনিয়োগকারীরা এখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সম্ভাব্য বৈঠকের দিকেও নজর রাখছেন। বিশ্লেষকদের ধারণা, বৈশ্বিক বাণিজ্য এবং ভূরাজনৈতিক উত্তেজনা নিরসনে এই বৈঠকের ফলাফল আন্তর্জাতিক বাজারে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। বাণিজ্য যুদ্ধের টানাপড়েন স্বর্ণের আন্তর্জাতিক বাজার পরিস্থিতিকে আগামী দিনগুলোতে আরও অস্থির করে তুলতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।