জুন ৫, ২০২৬, ০৪:২১ পিএম
আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ বাড়ানো হচ্ছে ৯ শতাংশের বেশি। নতুন তিনটি কর্মসূচি যুক্ত হওয়ায় এ খাতে মোট বরাদ্দ দাঁড়াচ্ছে ১ লাখ ৩৮ হাজার ৩৩৯ কোটি টাকা। চলতি অর্থবছরে এই বরাদ্দ ছিল ১ লাখ ২৬ হাজার ৭৩১ কোটি টাকা।সামাজিক সুরক্ষা খাতের জন্য নতুন কর্মসূচিতে বরাদ্দ রাখা হয়েছে ১৪ হাজার ৫১৮ কোটি টাকা।
ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও ইমাম-পুরোহিতদের সম্মানী—এই তিন নতুন কর্মসূচির জন্য অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে ফ্যামিলি কার্ডের জন্য ১২ হাজার ৩৭৩ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যার অধীনে প্রতিটি কার্ডে প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা করে বিতরণ করা হবে। বাকি বরাদ্দের মধ্যে কৃষক কার্ডের জন্য ১ হাজার ৬৩ কোটি এবং ইমাম-পুরোহিতদের সম্মানী বাবদ ১ হাজার ৮২ কোটি টাকা রাখা হয়েছে।
সরকার নয় লাখ ৩০ হাজার কোটি টাকার বাজেট ঘোষণার পরিকল্পনা নিয়েছে।চলতি বাজেটের তুলনায় এই নতুন বাজেট প্রায় ১৮ দশমিক ৭৩ শতাংশ বড়। আগামী ১১ জুন জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এই বাজেট পেশ করবেন।
সরকারের প্রধান লক্ষ্য হলো মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং জিডিপির প্রবৃদ্ধি ধরে রাখা। সামাজিক সুরক্ষা কর্মসূচিগুলো সাধারণ মানুষের ওপর মূল্যস্ফীতির চাপ কমাতে সহায়তা করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।ফ্ল্যাগশিপ উদ্যোগের মাধ্যমে প্রায় এক কোটি ২০ লাখ মানুষকে নিরাপত্তা বেষ্টনীতে আনার লক্ষ্য সরকারের।বিএনপি সরকারের এই পরিকল্পনায় ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন ও বৃক্ষরোপণ কর্মসূচি অন্তর্ভুক্ত রয়েছে। নগদ অর্থ সহায়তা প্রদান এবং ভাতাভোগীদের সংখ্যা বাড়ানোর পাশাপাশি ভাতার পরিমাণও বাড়িয়ে দেওয়া হচ্ছে। এর ফলে নিম্ন আয়ের মানুষ সরাসরি উপকৃত হবে।
সামাজিক সহায়তা খাতের বরাদ্দ ৩১ দশমিক ৮০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।আগামী বাজেটে সামাজিক সহায়তার জন্য ৬২ হাজার ৭৩৭ কোটি টাকা বরাদ্দের পরিকল্পনা করা হয়েছে। এর আওতায় মুক্তিযোদ্ধা, বিধবা, মা ও শিশু সহায়তা, বৃত্তি ও বয়স্ক ভাতার মতো কার্যক্রমগুলো পরিচালিত হবে। তবে ভর্তুকি বরাদ্দ আগের তুলনায় কিছুটা কমিয়ে আনা হয়েছে।কৃষি, খাদ্য, ওএমএস ও রেশনের জন্য ভর্তুকি বরাদ্দ রাখা হয়েছে ৩৪ হাজার ৪৫ কোটি টাকা।এই বরাদ্দ চলতি বছরের তুলনায় ৯২০ কোটি টাকা কম। এ ছাড়াও কর্মসংস্থান ও শ্রম বাজার উন্নয়নে বরাদ্দ ৪ হাজার ১৭১ কোটি টাকা থেকে কমিয়ে ৩ হাজার ৪২৬ কোটি টাকায় নির্ধারণ করা হয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন