জুলাই ২৯, ২০২৬, ০৬:৫০ পিএম
দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৫৭ কোটি ৪৯ লাখ ৩৩ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। অবকাঠামো উন্নয়ন, রাস্তাঘাট নির্মাণ, শিক্ষা, স্বাস্থ্য ও আলোকায়নকে সর্বাধিক গুরুত্ব দিয়ে এই বাজেট প্রণয়ন করা হয়েছে। নতুন এই বাজেটে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৫৭ কোটি ৪০ লাখ টাকা, যার ফলে রাজস্ব খাতে উদ্বৃত্ত থাকছে ৯ লাখ ৩৩ হাজার টাকা।
বুধবার দুপুরে পৌরসভার সেমিনার কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই বাজেট উপস্থাপন করেন পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওছার শেখ।বাজেট বক্তৃতায় পৌর প্রশাসক জানান, এটি মূলত পৌরবাসীর সার্বিক সেবা বৃদ্ধি এবং একটি আধুনিক ও পরিষ্কার-পরিচ্ছন্ন নগরী গড়ে তোলার লক্ষ্যে প্রণয়ন করা হয়েছে। বিশেষ করে সাধারণ মানুষের ওপর অতিরিক্ত কোনো নতুন কর আরোপ না করেই নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধির ওপর সর্বোচ্চ জোর দেওয়া হয়েছে।
অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে এলাকার সামগ্রিক চিত্র বদলে দিতে এই অর্থ ব্যয় করা হবে।সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো. সিরাজুল ইসলাম, ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম এবং পৌরসভার সহকারী প্রকৌশলী মো. আনোয়ার পারভেজসহ পৌরসভার বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী।এছাড়া অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরাও অংশ নেন। বাজেট উপস্থাপনা শেষে স্থানীয় উন্নয়নে সবার সহযোগিতা কামনা করেন পৌর প্রশাসক।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন