জুন ৮, ২০২৬, ১১:৪১ পিএম
২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে ফ্রিল্যান্সার ও ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটরদের জন্য বড় ধরনের কর ছাড়ের প্রস্তাব আসতে পারে। প্রযুক্তি খাতের বিকাশ ও তরুণদের উৎসাহিত করতে সব ধরনের ফ্রিল্যান্সিং ও সামাজিক যোগাযোগমাধ্যম থেকে অর্জিত আয়কে সম্পূর্ণ আয়কর মুক্ত করার পরিকল্পনা করছে সরকার।
অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ডিজিটাল অর্থনীতির গতি বাড়াতে সরকার এই ঐতিহাসিক সিদ্ধান্তের পথে হাঁটছে। প্রস্তাবনা অনুযায়ী, ইউটিউব, ফেসবুক বা অন্য যেকোনো প্ল্যাটফর্ম থেকে প্রাপ্ত আয়ের ওপর কোনো কর দিতে হবে না।
এই সুবিধা কার্যকর হলে দেশের লাখ লাখ ফ্রিল্যান্সার ও ইনফ্লুয়েন্সার তাদের আয়ের শতভাগ উপভোগ করতে পারবেন।প্রযুক্তিনির্ভর ব্যবসার প্রসারে স্টার্টআপ ও উদ্ভাবনী উদ্যোগের ক্ষেত্রে টার্নওভার ট্যাক্স শূন্য শতাংশ করার প্রস্তাবও বাজেটে রাখা হতে পারে। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য ৫০ লাখ টাকা পর্যন্ত টার্নওভার করমুক্ত রাখার সুবিধা থাকলেও, নারী ও প্রতিবন্ধী উদ্যোক্তাদের জন্য এই সীমা ৭০ লাখ টাকা পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
তরুণদের কর্মসংস্থান ঢাকার বাইরে ছড়িয়ে দিতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকার বাইরে প্রযুক্তি বা উৎপাদনমুখী শিল্পে বিনিয়োগের ওপর বিশেষ অবচয় সুবিধা দেওয়া হতে পারে।
বিনিয়োগকারীরা প্রথম বছরে ৬০ শতাংশ এবং দ্বিতীয় বছরে ৪০ শতাংশ হারে এই সুবিধা পাবেন। এর ফলে নতুন আইটি পার্ক বা টেক ফার্ম গড়ে তোলার পথ আরও সুগম হবে।এই কর ছাড়ের সুবিধাগুলো কার্যকর হলে ডিজিটাল খাতের তরুণ উদ্যোক্তারা নতুন নতুন উদ্ভাবনী কাজ করতে আরও বেশি অনুপ্রাণিত হবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন