জুন ৯, ২০২৬, ১১:৫৩ এএম
ইরান ও ইসরায়েলের মধ্যে সাময়িকভাবে হামলা বন্ধের ঘোষণার পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমেছে। মঙ্গলবার (৯ জুন) তেলের বাজার আগের দিনের বড় উল্লম্ফনের পর কিছুটা স্থিতিশীল হয়েছে।মঙ্গলবার গ্রিনিচ মান সময় অনুযায়ী সকাল ৪টা পর্যন্ত ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৯১ সেন্ট বা ১ শতাংশ কমে ৯৩ দশমিক ৩৪ ডলারে নেমে আসে।
একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ১ ডলার ১৩ সেন্ট বা ১ দশমিক ২ শতাংশ কমে ৯০ দশমিক ১৭ ডলারে দাঁড়িয়েছে।
উল্লেখ্য, সোমবার ইসরায়েলের নতুন করে ইরানে হামলা এবং লেবাননে সংঘর্ষ বাড়ার ঘটনায় তেলের দাম প্রায় ৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছিল। তবে সোমবার রাতে ইরানের সশস্ত্র বাহিনী সামরিক অভিযান স্থগিতের ঘোষণা দিলে বাজারে স্বস্তি ফেরে। মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে উভয় পক্ষকে অবিলম্বে গুলি বন্ধের আহ্বানের পর এই যুদ্ধবিরতির পথ প্রশস্ত হয়।
বাজার বিশ্লেষকরা বলছেন, পরিস্থিতি আপাতত শান্ত মনে হলেও বিনিয়োগকারীরা দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা নিয়ে এখনও সন্দিহান। কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটেরার জানান, সরাসরি হামলা বন্ধ হওয়ায় স্বস্তি আসলেও বিনিয়োগকারীরা নিশ্চিত নন এই যুদ্ধবিরতি কতদিন স্থায়ী হবে।
অন্যদিকে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুশিয়ারি দিয়েছেন যে, ইরান আবার হামলা চালালে ইসরায়েল কঠোর জবাব দেবে। পাশাপাশি যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার দাবি জানিয়ে যাচ্ছে, যা বিশ্ব তেল সরবরাহের অন্যতম প্রধান পথ। আপাতত উত্তেজনার পারদ কিছুটা নিচে নামলেও মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন