জুন ১০, ২০২৬, ০৯:০৩ পিএম
দেশের স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা খাত উন্নয়ন কর্মসূচিতে সহায়তার জন্য বিশ্বব্যাংকের সঙ্গে ৪০৪ মিলিয়ন মার্কিন ডলারের চুক্তি সই করেছে বাংলাদেশ সরকার। বুধবার রাজধানীর শেরেবাংলা নগরে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) এই ঋণ ও অনুদান চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশের পক্ষে ইআরডি সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী এবং বিশ্বব্যাংকের পক্ষে জ্যাঁ পেসমে চুক্তিতে সই করেন।
চুক্তির আওতায় ৩৭৯ মিলিয়ন ডলার ঋণ এবং ২৫ মিলিয়ন ডলার অনুদান হিসেবে পাওয়া যাবে।এই অর্থ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে দুটি বিশেষ প্রকল্পের অর্থায়নে ব্যয় করা হবে। প্রকল্পের মেয়াদ ২০২৫ সালের জুলাই থেকে ২০২৯ সালের জুন পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে স্বাস্থ্য অধিদপ্তর এবং পরিবার পরিকল্পনা অধিদপ্তর পৃথকভাবে প্রকল্পগুলো বাস্তবায়ন করবে।
প্রকল্পগুলোর লক্ষ্য চট্টগ্রাম ও সিলেট বিভাগে স্বাস্থ্য ও পুষ্টি সেবার মান উন্নত করা এবং জলবায়ু ঝুঁকি মোকাবিলায় প্রজনন স্বাস্থ্য সুরক্ষায় কাজ করা। পাঁচ বছরের গ্রেস পিরিয়ডসহ এই ঋণ পরিশোধের জন্য ৩০ বছর সময় পাবে বাংলাদেশ। বার্ষিক ১ দশমিক ২৫ শতাংশ সুদের পাশাপাশি দশমিক ৭৫ শতাংশ হারে সার্ভিস চার্জ প্রযোজ্য হবে।
দেশের স্বাস্থ্যখাতের উন্নয়নে এই চুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ।বিশ্বব্যাংক এ বছর কমিটমেন্ট ফি মওকুফ করায় সরকার বাড়তি সুবিধা পাবে। আধুনিক ও কার্যকর স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে এই অর্থায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন