রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ইসলামী ব্যাংকে দ্রুতই নতুন এমডি নিয়োগ দেওয়া হবে

দিনাজপুর টিভি ডেস্ক

জুন ২৪, ২০২৬, ১০:০০ পিএম

ইসলামী ব্যাংকে দ্রুতই নতুন এমডি নিয়োগ দেওয়া হবে

জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন যে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে এবং খুব দ্রুতই এই পদে নতুন নিয়োগ দেওয়া হবে। বুধবার জাতীয় সংসদের অধিবেশনে জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মো মোস্তাফিজুর রহমান বাবুলের এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এই গুরুত্বপূর্ণ তথ্য নিশ্চিত করেন।

সম্মিলিত ইসলামী ব্যাংক পূর্ণাঙ্গভাবে কার্যকর ও সচল করতে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে।সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আরও বলেন, ব্যাংক রেজল্যুশন স্কিম, ২০২৫ অনুসারে রেজল্যুশনের আওতাধীন পাঁচটি ব্যাংকের গ্রাহকেরা বর্তমানে সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে তাঁদের আমানত উত্তোলন করতে পারছেন। এরই মধ্যে সরকার সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির পরিচালক পর্ষদের চেয়ারম্যান মনোনীত করেছে এবং তিনি নিজের দায়িত্বভার গ্রহণ করেছেন। তা ছাড়া পর্ষদে নতুন পরিচালকও নিয়োগ দেওয়া হয়েছে।

নতুনভাবে গঠিত পরিচালনা পর্ষদ এই বিভাগের নিবিড় তত্ত্বাবধানে ব্যাংকটিকে দ্রুততম সময়ের মধ্যে সম্পূর্ণ কার্যকর ও পূর্ণ লেনদেন চালু করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এই লক্ষ্য অর্জনে ব্যাংকের সাংগঠনিক কাঠামো এবং চাকরি প্রবিধানমালা প্রস্তুতকরণ, তথ্যপ্রযুক্তি, কোর ব্যাংকিং সফটওয়্যার, জনবল এবং শাখাসমূহ একীভূতকরণের কাজ চলমান রয়েছে। একই সাথে কোম্পানি সচিব, প্রধান আর্থিক কর্মকর্তা এবং প্রধান প্রযুক্তি কর্মকর্তা নিয়োগের প্রক্রিয়াও অব্যাহত রয়েছে। এসব প্রক্রিয়া সম্পন্ন করার মাধ্যমে খুব শিগগিরই ব্যাংকের স্বাভাবিক ব্যবসায়িক কার্যক্রম পুরোদমে চালু করা সম্ভব হবে বলে অর্থমন্ত্রী আশা প্রকাশ করেন।