জুলাই ১০, ২০২৬, ১০:২৩ এএম
গত ৯ জুলাই সকালে ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা এবং ২৯২ টাকা কমিয়ে সোনার দাম নির্ধারণ করেছিল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। কিন্তু ২৪ ঘণ্টা পার না হতেই সংস্থাটি আবারও দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। শুক্রবার সকালে এক বিজ্ঞপ্তিতে বাজুস এই নতুন সিদ্ধান্তের কথা জানায়।এবার ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়ানো হয়েছে।
নতুন ঘোষণা অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। শুক্রবার সকাল ১০টা থেকেই এই নতুন দর কার্যকর হয়েছে। বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের বা পিওর গোল্ডের দাম বেড়ে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম কার্যকর থাকবে। বাজুসের নিয়মানুযায়ী, অলঙ্কারের ডিজাইনভেদে মজুরি আলাদাভাবে প্রযোজ্য হবে। স্বর্ণালঙ্কার ও রৌপ্যালঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট আগে থেকেই যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।
তবে গহনা কেনা-বেচার ক্ষেত্রে বাজুসের আগের নিয়মের কোনো পরিবর্তন আনা হয়নি। সুনির্দিষ্ট ভ্যাট, মজুরি ও পাথর বাদ দিয়ে অলঙ্কার এক্সচেঞ্জ বা পারচেজের ক্ষেত্রে আগের নির্দেশনা বহাল থাকবে বলে জানিয়েছে সংগঠনটি।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন