রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬,

এনবিআর কর্মকর্তা তানজিনা বরখাস্ত

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ১৭, ২০২৬, ০৬:৩৮ পিএম

এনবিআর কর্মকর্তা তানজিনা বরখাস্ত

ছবি - সংগৃহীত

জাতীয় রাজস্ব বোর্ডের প্রথম সচিব (অতিরিক্ত কমিশনার) তানজিনা রইসকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। কর্মস্থলে দীর্ঘদিন অননুমোদিতভাবে অনুপস্থিত থাকা এবং অসদাচরণের অভিযোগ প্রমাণিত হওয়ায় অর্থ মন্ত্রণালয় এই গুরুদণ্ড আরোপ করেছে। সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের ভারপ্রাপ্ত সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিবের সই করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে তানজিনা রইসকে বরখাস্তের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।তদন্ত প্রতিবেদন ও প্রজ্ঞাপন অনুযায়ী, তানজিনা রইস ২০২৪ সালের ২০ নভেম্বর এক মাসের ছুটির আবেদন করে থাইল্যান্ড ভ্রমণ করেন। কিন্তু ছুটি শেষ হওয়ার পর তিনি আর কর্মস্থলে যোগ দেননি। দীর্ঘ সময় অনুপস্থিত থাকায় ২০২৫ সালের ৫ ফেব্রুয়ারি জাতীয় রাজস্ব বোর্ড থেকে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। পরে ইমেইলের মাধ্যমে তিনি তিন মাসের ছুটির আবেদন জানালেও তা বিধিসম্মত না হওয়ায় নামঞ্জুর করা হয় এবং অবিলম্বে যোগদানের নির্দেশ দেওয়া হয়।

নির্ধারিত সময়ের মধ্যে যোগদানে ব্যর্থ হওয়ায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়। একই সঙ্গে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। তদন্তে ঊর্ধ্বতন কর্মকর্তার আইনসংগত আদেশ অমান্য করা এবং কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ৬০ দিনের বেশি কর্মস্থলে অনুপস্থিত থাকার বিষয়টি প্রমাণিত হয়েছে।

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের মতামত ও সংশ্লিষ্ট কাগজপত্র পর্যালোচনার পর তার বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী ‘অসদাচরণ’ ও ‘পলায়নের’ অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে চাকরি থেকে বরখাস্ত করে গুরুদণ্ড প্রদান করা হয়।

দাপ্তরিক দায়িত্ব পালনে অবহেলা ও সরকারি বিধিমালা অমান্য করার কারণে তার বিরুদ্ধে এই চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রজ্ঞাপনে জানিয়েছে, শৃঙ্খলা ভঙ্গের দায়ে সরকারি কর্মীবাহিনীর স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।