আগস্ট ৪, ২০২৬, ১০:৫৯ এএম
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার উত্তেজনা এবং ফেডারেল রিজার্ভের সুদের হার নিয়ে অনিশ্চয়তার জেরে আন্তর্জাতিক বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী আজ মঙ্গলবার স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম ০ দশমিক ২ শতাংশ বেড়ে ৪ হাজার ৫৯ দশমিক ৮১ ডলারে পৌঁছেছে। যুক্তরাষ্ট্রের শ্রমবাজারের গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশের অপেক্ষায় থাকা বিনিয়োগকারীরা নিরাপদ মাধ্যম হিসেবে এই ধাতুর দিকে ঝুঁকছেন।বিনিয়োগ ব্যাংক সিটি পূর্বাভাস দিয়েছে আগামী বছরের প্রথমার্ধে প্রতি আউন্স স্বর্ণের দাম ৫ হাজার ডলারে পৌঁছাতে পারে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন ইরানের সঙ্গে আলোচনা চলছে এবং তেহরানের জন্য এটি শেষ সুযোগ। যদিও ইরান এই দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে। দুই দেশের এই সংঘাতের জেরে জ্বালানির দাম ও মূল্যস্ফীতি বৃদ্ধির আশঙ্কা তৈরি হওয়ায় সেপ্টেম্বরে ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে। নিউইয়র্ক ফেডের প্রেসিডেন্ট জন উইলিয়ামস মূল্যস্ফীতি কমার বিষয়ে আশাবাদী হলেও প্রয়োজনে সুদের হার বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে আসবেন না বলে জানিয়েছেন।
স্বর্ণের পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর দামও আজ ঊর্ধ্বমুখী প্রবণতায় রয়েছে। স্পট মার্কেটে রুপার দাম ১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৫৮ দশমিক ৭৪ ডলারে উঠেছে। এছাড়া প্লাটিনামের দাম ১ দশমিক ২ শতাংশ বেড়ে ১ হাজার ৬৪৬ দশমিক ৫৯ ডলার এবং প্যালাডিয়ামের দাম ১ দশমিক ২ শতাংশ বেড়ে ১ হাজার ২৭৯ দশমিক ৫৫ ডলার হয়েছে।
তথ্যসূত্র: রয়টার্স

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন