আগস্ট ১৭, ২০২৬, ১০:২০ পিএম
ডলারের মান হ্রাস পাওয়া এবং আগামী মাসে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ বা ফেড সুদের হার বাড়াবে না— এমন জোরালো প্রত্যাশায় বিশ্ববাজারে আবারও বেড়েছে সোনার দাম। সোমবার (১৭ আগস্ট) আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, স্পট মার্কেটে শূন্য দশমিক ৫ শতাংশ বেড়ে প্রতি আউন্স সোনার দাম ৪ হাজার ৩৯৮ দশমিক ৫৮ ডলারে পৌঁছেছে। গত সপ্তাহে এই মূল্যবান ধাতুর দাম গত দুই মাসের বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। অন্যদিকে ডিসেম্বরে সরবরাহের জন্য মার্কিন ফিউচারস মার্কেটে সোনার দাম শূন্য দশমিক ৪ শতাংশ বেড়ে প্রতি আউন্সে দাঁড়িয়েছে ৪ হাজার ৪৫৫ দশমিক ৫০ ডলার।
স্যাক্সো ব্যাংকের কমোডিটি স্ট্র্যাটেজির প্রধান ওলে হ্যানসেন জানান, মুদ্রাস্ফীতি এবং কর্মসংস্থানের তথ্য ইতিবাচক না থাকায় ফেডের সুদের হার কমানোর সম্ভাবনাই বেশি, যা সোনার বাজার চাঙা হওয়ার ক্ষেত্র তৈরি করেছে।সোনার পাশাপাশি অন্যান্য ধাতুর দামও ঊর্ধ্বমুখী। প্রতি আউন্স রুপার দাম ১ দশমিক ৫ শতাংশ বেড়ে ৬৫ দশমিক ৬১ ডলার হয়েছে।
এছাড়া প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম যথাক্রমে ১ হাজার ৭৫৯ দশমিক ৭২ ডলার এবং ১ হাজার ৩৩৩ দশমিক ২৫ ডলারে উঠেছে।বিশ্ববাজারের পাশাপাশি দেশের বাজারেও সোনার দাম বেশ চড়া। বর্তমানে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা এবং ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২৬ হাজার ১৬৫ টাকায় বিক্রি হচ্ছে বলে দিনাজপুর টিভি ডট কম-এর প্রতিবেদনে যাচাই করা হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন