বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

দেশে ছয় মাসে রেমিট্যান্স প্রবাহে বড় প্রবৃদ্ধি

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ১০, ২০২৬, ০২:৩৯ পিএম

দেশে ছয় মাসে রেমিট্যান্স প্রবাহে বড় প্রবৃদ্ধি

চলতি বছরের মার্চ থেকে আগস্ট পর্যন্ত গত ছয় মাসে দেশের প্রবাসী আয়ে ১৩ দশমিক ১ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। এই সময়ে প্রবাসী বাংলাদেশিরা মোট এক হাজার ৮৯৪ কোটি মার্কিন ডলার দেশে পাঠিয়েছেন। গত বছরের একই সময়ের এক হাজার ৬৭৪ কোটি ডলারের তুলনায় এটি ২২০ কোটি ডলার বেশি।

এই ছয় মাসের মধ্যে আগস্টেই সবচেয়ে বেশি প্রবৃদ্ধি দেখা গেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত মার্চে দেশে ৩৭৫ কোটি ডলার প্রবাসী আয় আসে, যা আগের বছরের মার্চের ৩৩০ কোটি ডলারের তুলনায় ১৩ দশমিক ৬ শতাংশ বেশি। এপ্রিলে ১৩ দশমিক ৮ শতাংশ প্রবৃদ্ধিসহ আসে ৩১৩ কোটি ডলার। মে মাসে এই পরিমাণ ছিল ৩৪৩ কোটি ডলার, যেখানে প্রবৃদ্ধি হয় ১৫ দশমিক ৫ শতাংশ। জুনে প্রবাহ কিছুটা স্থিতিশীল ছিল এবং মোট ২৮১ কোটি ডলার দেশে আসে।

জুলাই মাসে রেমিট্যান্স প্রবাহ আবার বাড়তে শুরু করে এবং ২৮৬ কোটি ডলার দেশে আসে। আগস্টে ২২ দশমিক ৩ শতাংশ প্রবৃদ্ধিসহ আসে ২৯৬ কোটি ডলার, যা গত বছরের একই মাসে ছিল ২৪২ কোটি ডলার। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, এই ধারাবাহিক প্রবৃদ্ধি দেশের অর্থনীতির জন্য অত্যন্ত ইতিবাচক একটি দিক। ব্যাংকিং ও বৈধ আর্থিক ব্যবস্থার মাধ্যমে টাকা পাঠানোর ক্ষেত্রে প্রবাসীদের ক্রমবর্ধমান আস্থার প্রতিফলন এটি।

হুন্ডিসহ অবৈধ পথে লেনদেন নিরুৎসাহিত করতে কাজ করছে কেন্দ্রীয় ব্যাংক।

বৈধ পথে অর্থ পাঠানো আরও সহজ ও দ্রুত করতে সরকার নানা উদ্যোগ নিয়েছে। প্রবাসীদের পাঠানো এই অর্থ বৈদেশিক মুদ্রার তারল্য বাড়ানোর পাশাপাশি সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই ধারা অব্যাহত থাকলে দেশের লেনদেনের ভারসাম্যে ইতিবাচক প্রভাব পড়বে এবং রিজার্ভ আরও শক্তিশালী হবে বলে প্রত্যাশা করছে বাংলাদেশ ব্যাংক।