এপ্রিল ২১, ২০২৬, ০৪:৩৯ পিএম
বাংলাদেশের বৈদেশিক ঋণের বর্তমান স্থিতি ৭৮ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে জাতীয় সংসদের অধিবেশনে এক প্রশ্নের জবাবে তিনি এই তথ্য প্রদান করেন। ২০২৬ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত হিসাব অনুযায়ী সরকারের মোট বৈদেশিক ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৭৮ দশমিক ০৬৭ বিলিয়ন মার্কিন ডলারে।
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানার এক লিখিত প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী দেশের সামগ্রিক ঋণ পরিস্থিতি ও তা পরিশোধের সক্ষমতা সম্পর্কে বিস্তারিত আলোকপাত করেন।
রুমিন ফারহানা তাঁর প্রশ্নে বর্তমানে বাংলাদেশের বিদেশি ঋণের সুনির্দিষ্ট পরিমাণ, ঋণ পরিশোধে গৃহীত পদক্ষেপ এবং বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে এ পর্যন্ত কী পরিমাণ ঋণ পরিশোধ করা হয়েছে তা জানতে চান। জবাবে অর্থমন্ত্রী জানান, সরকারের পক্ষে নিয়মিতভাবে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) বৈদেশিক ঋণ পরিশোধের দায়িত্ব পালন করে থাকে।
প্রতি অর্থবছর ঋণের আসল ও সুদ বাবদ সম্ভাব্য ব্যয়ের একটি পূর্বাভাস বা প্রক্ষেপণ তৈরি করা হয় এবং সেই অনুযায়ী জাতীয় বাজেটে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ রাখা হয়। এই বাজেট বরাদ্দ থেকেই নির্ধারিত সময়সূচি অনুযায়ী সারা বছর ঋণের কিস্তি পরিশোধ করা হচ্ছে।বর্তমান সরকারের মেয়াদকালে ঋণ পরিশোধের অগ্রগতির কথা উল্লেখ করে আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, ক্ষমতা গ্রহণের পর থেকে এ পর্যন্ত সরকারের পক্ষ থেকে মোট ৯০ দশমিক ৬৬ মিলিয়ন মার্কিন ডলার সমপরিমাণ ঋণ পরিশোধ করা হয়েছে।
ডলার সংকটের এই সময়ে বৈদেশিক ঋণের পরিমাণ ও পরিশোধের সক্ষমতা নিয়ে জনমনে নানা আলোচনার মধ্যে অর্থমন্ত্রীর এই তথ্য প্রদানকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সরকার যথাযথ আইনি ও অর্থনৈতিক প্রক্রিয়া অনুসরণ করে ঋণের দায়বদ্ধতা মেটানোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও তিনি সংসদকে আশ্বস্ত করেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন