বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬,

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ১১, ২০২৬, ০৮:৪৩ পিএম

বিশ্ববাজারে স্বর্ণের দামে  বড় লাফ

সাম্প্রতিক দরপতনের ধাক্কা কাটিয়ে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে নতুন করে বড় উত্থান হয়েছে। যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতি সংক্রান্ত তথ্য প্রকাশের পর সূচকে কিছুটা মন্দাভাব দেখা গেলেও শুক্রবার লেনদেনে বাজার দ্রুত ঘুরে দাঁড়ায়। এদিন আন্তর্জাতিক স্পট মার্কেটে স্বর্ণের দাম এক দশমিক ছয় শতাংশ বেড়ে প্রতি আউন্স চার হাজার ৩৮৫ দশমিক ১৪ ডলারে উঠেছে। ডিসেম্বরের মার্কিন গোল্ড ফিউচারসের দাম পৌঁছেছে চার হাজার ৪২৬ দশমিক ৯০ ডলারে।

বাজারে লেনদেনের গতিপ্রকৃতি বিশ্লেষণ করে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা জানান, সুদের হার সমন্বয়ের বিষয়টি বিনিয়োগকারীরা আগেই বিবেচনায় নেওয়ায় অস্থিরতা দ্রুত কমে এসেছে। আগামী সপ্তাহে মার্কিন ফেডারেল রিজার্ভের পদক্ষেপ স্পষ্ট হওয়ার আগেই মূল্যবান এই ধাতুর চাহিদা বেড়েছে। 

এই সময়ে অন্যান্য ধাতুর দরও ঊর্ধ্বমুখী ছিল। রুপার দাম দুই দশমিক এক শতাংশ বেড়ে প্রতি আউন্স ৬৪ দশমিক ৮৬ ডলারে দাঁড়িয়েছে। এছাড়া প্রতি আউন্স প্লাটিনাম এক হাজার ৮০৩ দশমিক ৯৪ ডলার এবং প্যালাডিয়াম এক হাজার ৩১৮ দশমিক ৯১ ডলারে বিক্রি হয়েছে।

বৈশ্বিক এই দরবৃদ্ধির মধ্যে দেশের বাজারেও মূল্যবান এই ধাতুর দাম চড়া রয়েছে। বর্তমানে স্থানীয় বাজারে মূল্য সংযোজন করসহ সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা আছে দুই লাখ ৩১ হাজার ৮৮০ টাকা। এছাড়া ২১ ক্যারেট দুই লাখ ২১ হাজার ৪৪১ টাকা, ১৮ ক্যারেট এক লাখ ৯০ হাজার ১২৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ এক লাখ ৫৫ হাজার ৩০৬ টাকায় বিক্রি হচ্ছে।

তথ্যসূত্র: রয়টার্স