নভেম্বর ৬, ২০২৬, ০৯:৪৪ এএম
দেশের বাজারে সবশেষ পাঁচ দফা সমন্বয়ের মধ্যে তিন দফায়ই বেড়েছে স্বর্ণের দাম। এর মধ্যে সবশেষ টানা তিন দফায় বাড়ানো হয়েছে মোট বারো হাজার বাহাত্তর টাকা। সবশেষ গত বৃহস্পতিবার সকালে দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। সিদ্ধান্ত অনুযায়ী, আজ শুক্রবার মূল্যবান এই ধাতু বিক্রি হচ্ছে সবশেষ নির্ধারিত দামে।
স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের বা পিওর গোল্ডের মূল্য বৃদ্ধি পাওয়ার কারণে এই দাম বাড়ানো হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ভ্যাটসহ স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। যা কার্যকর হয়েছে বৃহস্পতিবার সকাল দশটা থেকেই।
সিদ্ধান্ত অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি বা এগারো দশমিক ছয় ছয় চার গ্রাম বাইশ ক্যারেটের স্বর্ণের দাম পড়ছে দুই লাখ ঊনত্রিশ হাজার ছয় শ চৌষট্টি টাকা।
এছাড়া একুশ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ১৯ হাজার তিন শ বিয়াল্লিশ টাকা, আঠারো ক্যারেটের প্রতি ভরি এক লাখ আটাশি হাজার তিন শ চৌয়াত্তর টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ এক লাখ তিপ্পান্ন হাজার আট শ আটচল্লিশ টাকায় বেচাকেনা হচ্ছে।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, অলঙ্কারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। স্বর্ণালঙ্কার ও রৌপলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। মজুরি ও পাথর বাদ দিয়ে অলঙ্কার এক্সচেঞ্জের ক্ষেত্রে বারো শতাংশ এবং পারচেজের ক্ষেত্রে আঠারো শতাংশ বাদ দিতে হবে।
এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে আলাদাভাবে ভ্যাট বাদ দেওয়া যাবে না। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই বিক্রয়মূল্য কার্যকর থাকবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন