বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

অপরিবর্তিত রয়েছে স্বর্ণ ও রুপার দাম, জানুন আজকের দর

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ২১, ২০২৫, ০৯:৩৫ এএম

অপরিবর্তিত রয়েছে স্বর্ণ ও রুপার দাম, জানুন আজকের দর

ছবি - সংগৃহীত

দেশের বাজারে আজ মঙ্গলবার (২১ অক্টোবর) স্বর্ণ ও রুপার দামে নতুন কোনো পরিবর্তন আসেনি। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) পক্ষ থেকে সর্বশেষ গত রোববার (১৯ অক্টোবর) রাতে নির্ধারিত হওয়া রেকর্ড দামেই আজও কেনাবেচা চলছে।বাজুসের নির্ধারিত সর্বশেষ মূল্য তালিকা অনুযায়ী, আজ হলমার্ক করা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম পড়বে ২ লাখ ১৭ হাজার ৩৩২ টাকা।

২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ৭ হাজার ৫০৩ টাকায় এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৭৭ হাজার ৮৫৩ টাকা। এছাড়া, সনাতন পদ্ধতির স্বর্ণের ভরিপ্রতি দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৮ হাজার ৭৫ টাকা।এর আগে, গত রোববার স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম বাড়ায় প্রতি ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়ানো হয়েছিল, যা দেশের ইতিহাসে স্বর্ণের সর্বোচ্চ দামের নতুন রেকর্ড তৈরি করে।

এদিকে স্বর্ণের পাশাপাশি রুপার দামও অপরিবর্তিত রয়েছে এবং এটিও ইতিহাসের সর্বোচ্চ দামে স্থিতিশীল আছে। ২২ কারেটের প্রতি ভরি রুপার দাম ৬ হাজার ২০৫ টাকা, ২১ ক্যারেটের রুপার দাম ৫ হাজার ৯১৪ টাকা এবং ১৮ ক্যারেটের রুপার দাম ৫ হাজার ৭৪ টাকা। সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম রয়েছে ৩ হাজার ৮০২ টাকা।

বাজুস জানিয়েছে, স্বর্ণালংকার কেনার সময় ক্রেতাদের অবশ্যই বিক্রয়মূল্যের সঙ্গে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করে পরিশোধ করতে হবে।