অক্টোবর ২১, ২০২৫, ১০:৩৫ পিএম
বিশ্ববাজারে স্বর্ণের দামে হঠাৎ বড় ধরনের পতন দেখা দিয়েছে। ইতিহাসের সর্বোচ্চ দামে পৌঁছানোর মাত্র একদিনের মাথায় বিনিয়োগকারীদের মুনাফা তুলে নেওয়ার প্রবণতায় বাজারে এই বড় ধাক্কা লাগে।মঙ্গলবার (২১ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেলে আন্তর্জাতিক স্পট মার্কেটে স্বর্ণের দাম ২.৩ শতাংশ কমে প্রতি আউন্স ৪,২৫৬ ডলার ১৯ সেন্টে নেমে আসে। রয়টার্সের খবর অনুযায়ী, এর ঠিক আগের দিন (সোমবার) প্রতি আউন্স স্বর্ণ ৪,৩৮১ ডলার ২১ সেন্টে পৌঁছেছিল, যা ছিল সর্বকালের সর্বোচ্চ রেকর্ড।
বাজার বিশেষজ্ঞরা বলছেন, স্বর্ণের দাম যে হারে দ্রুত বৃদ্ধি পাচ্ছিল, এই পতন তারই একটি স্বাভাবিক ‘সংশোধন’ বিনিয়োগকারীরা এখন রেকর্ড উচ্চমূল্য থেকে তাদের মুনাফা তুলে নিচ্ছেন।বিশ্লেষকদের মতে, ভূ-রাজনৈতিক অস্থিরতা, বিশ্বজুড়ে কেন্দ্রীয় ব্যাংকগুলোর অব্যাহত স্বর্ণ ক্রয় এবং যুক্তরাষ্ট্রের সুদের হার কমার সম্ভাবনার কারণে গত এক বছরে স্বর্ণের দাম ৬৩ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। সুদের হার কমলে বিনিয়োগকারীরা সাধারণত সুদবিহীন সম্পদ, যেমন স্বর্ণের দিকে, বেশি ঝোঁকেন।
এখন বিনিয়োগকারীদের দৃষ্টি আগামী শুক্রবার প্রকাশিতব্য যুক্তরাষ্ট্রের ভোক্তা মূল্যসূচকের (সিপিআই) দিকে। ধারণা করা হচ্ছে, মুদ্রাস্ফীতির হার ইতিবাচক হলে ফেডারেল রিজার্ভ সুদের হার কমাতে পারে, যা স্বর্ণের দামকে আবারও বাড়িয়ে তুলতে পারে।বিশ্লেষক জিওভান্নি স্টাউানোভোর মতে, অনেক বিনিয়োগকারী স্বর্ণের এই সাময়িক পতনকে নতুন করে বিনিয়োগের সুযোগ হিসেবে দেখছেন, যা দামের বড় ধরনের পতনকে আটকে দেবে।
স্বর্ণের পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর দামেও পতন দেখা গেছে। রুপার দাম ৪.৩ শতাংশ কমে প্রতি আউন্স ৫০ ডলার ৩১ সেন্টে এবং প্লাটিনামের দাম ১,৫৮৩ ডলারে নেমে এসেছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন