নভেম্বর ২, ২০২৫, ০৯:৫৭ এএম
আজ রোববার (০২ নভেম্বর) নভেম্বর মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন দাম নির্ধারণ করা হবে। ফলে এই মাসে এলপিজির দাম বাড়বে কি না, তা আজই জানা যাবে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিইআরসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সৌদি আরামকো কর্তৃক ঘোষিত নভেম্বর (২০২৫) মাসের সৌদি সিপি (কন্ট্রাক্ট প্রাইস) অনুযায়ী এই মাসের জন্য ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের নির্দেশনা আজ রোববার বিকেল ৩টায় ঘোষণা করা হবে।
এর আগে, গত ৭ অক্টোবর সর্বশেষ এলপি গ্যাসের দাম সমন্বয় করা হয়েছিল। ওই সময় আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিল রেখে ১২ কেজি সিলিন্ডারের দাম ২৯ টাকা কমিয়ে ১ হাজার ২৪১ টাকা নির্ধারণ করা হয়েছিল।
এলপিজির পাশাপাশি আজ বিকেলে অটোগ্যাসের নতুন দামও নির্ধারণ করা হবে। সর্বশেষ ৭ অক্টোবর অটোগ্যাসের দামও সমন্বয় করা হয়েছিল। সে সময় ভোক্তা পর্যায়ে প্রতি লিটার অটোগ্যাসের দাম ১ টাকা ৩৮ পয়সা কমিয়ে মূসকসহ ৫৬ টাকা ৭৭ পয়সা নির্ধারণ করা হয়েছিল।
উল্লেখ্য, গত ২০২৪ সাল জুড়ে এলপিজি ও অটোগ্যাসের দামে বেশ ওঠানামা দেখা গেছে। ওই বছর মোট ৪ দফা দাম কমানো হয়েছিল, অন্যদিকে দাম বাড়ানো হয়েছিল ৭ দফা। এক মাস (ডিসেম্বর) দাম অপরিবর্তিত ছিল। গত বছরের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবর মাসে দাম বাড়ানো হয়েছিল, আর এপ্রিল, মে, জুন ও নভেম্বরে দাম কমেছিল। আজকের ঘোষণায় নভেম্বর মাসের জন্য নতুন দাম নির্ধারিত হবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন