নভেম্বর ১৩, ২০২৫, ০৩:৪৩ পিএম
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় বড় ধরনের পরিবর্তন এনেছে। এবার লিখিত পরীক্ষার পদ্ধতি পুরোপুরি বাতিল করে শুধুমাত্র এমসিকিউ বা বহুনির্বাচনী পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
একইসঙ্গে পরীক্ষায় কোনো নেগেটিভ মার্কিং থাকছে না এবং 'সেকেন্ড টাইমার'দের সুযোগ বাতিল করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ও কেন্দ্রীয় ভর্তি কমিটির সদস্য অধ্যাপক মো. মঞ্জুর মোর্শেদ ভূঁইয়া আজ বৃহস্পতিবার এই তথ্য নিশ্চিত করেছেন।
অধ্যাপক মঞ্জুর মোর্শেদ ভূঁইয়া জানান, লিখিত পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিলে সবার খাতা একইভাবে মূল্যায়ন করা সম্ভব হয় না এবং একেকজন শিক্ষক একেকভাবে নম্বর দেন।
এই চ্যালেঞ্জ মোকাবেলায় শুধুমাত্র এমসিকিউ পদ্ধতি বেছে নেওয়া হয়েছে। তবে এবারের এমসিকিউ হবে একটু ভিন্নধর্মী। এখানে মুখস্থ বিদ্যার ওপর নির্ভর না করে শিক্ষার্থীদের চিন্তাশক্তি ও ধারণাগত দক্ষতা যাচাইয়ের ওপর জোর দেওয়া হবে। তিনি মনে করেন, এতে প্রকৃত যোগ্য শিক্ষার্থীরাই নির্বাচিত হবেন।এবারের ভর্তি পরীক্ষায় মোট ১০০ নম্বর নির্ধারিত থাকবে। এর মধ্যে এমসিকিউ অংশে ৭২ নম্বর থাকবে এবং অবশিষ্ট ২৮ নম্বর এসএসসি ও এইচএসসির ফলাফলের ওপর ভিত্তি করে যোগ করা হবে।
এসএসসি বা সমমানের জিপিএ থেকে ১০ নম্বর এবং এইচএসসি বা সমমানের জিপিএ থেকে ১৮ নম্বর যোগ হবে। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এক শিফটে, সময়সীমা এক ঘণ্টা। প্রতিটি ইউনিটে ৯৬টি প্রশ্ন থাকবে এবং প্রতিটি প্রশ্নের মান হবে শূন্য দশমিক সাত পাঁচ নম্বর।
শিক্ষার্থীদের যাতায়াত ও নিরাপত্তার কথা বিবেচনা করে এবারই প্রথম ঢাকার বাইরে রাজশাহী, খুলনা ও কুমিল্লা—এই তিন বিভাগীয় শহরেও ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে শুধুমাত্র এ-ইউনিট (বিজ্ঞান অনুষদ) ও বি-ইউনিট (কলা ও আইন অনুষদ)-এর ভর্তি পরীক্ষা ঢাকার বাইরে নেওয়া হবে। অন্যদিকে সি, ডি, ও ই-ইউনিটের পরীক্ষা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। আগামী ১৩ ডিসেম্বর থেকে জবির ভর্তি পরীক্ষা শুরু হয়ে তা চলবে জানুয়ারি ২০২৬-এর ২৩ তারিখ পর্যন্ত।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন