রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ঢাবিতে ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমা বাড়ল

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১৩, ২০২৫, ০৫:২০ পিএম

ঢাবিতে ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমা বাড়ল

দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমা তিন দিন বৃদ্ধি করা হয়েছে। ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে আজ বৃহস্পতিবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পূর্বের ঘোষণা অনুযায়ী আবেদন কার্যক্রম ১৬ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিটে শেষ হওয়ার কথা ছিল। তবে এই সময়সীমা আগামী ১৯ নভেম্বর রাত ১২টা পর্যন্ত বাড়ানো হয়েছে।

আবেদন সময় বৃদ্ধির কারণ হিসেবে বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৬ নভেম্বর উচ্চ মাধ্যমিক পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফলাফল প্রকাশ করা হবে।

এই ফলাফলের কারণে অনেক শিক্ষার্থীর আবেদনের যোগ্যতা পরিবর্তিত হতে পারে। ফলাফল পরিবর্তনের ফলে নতুনভাবে আবেদনের যোগ্যতা অর্জনকারী শিক্ষার্থীরা যেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবেদনের সুযোগ থেকে বঞ্চিত না হয়, সেই প্রেক্ষিতেই ভর্তিসংক্রান্ত অন্যান্য সকল তারিখ অপরিবর্তিত রেখে অনলাইনে আবেদনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে।

২০২৫-২৬ শিক্ষাবর্ষে পাঁচটি ইউনিটের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইউনিটগুলো হচ্ছে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট, বিজ্ঞান ইউনিট, ব্যবসায় শিক্ষা ইউনিট, চারুকলা ইউনিট এবং আইবিএ ইউনিট। ভর্তি পরীক্ষার সময়সূচি অপরিবর্তিত রয়েছে বলে জানানো হয়েছে।

সময়সূচি অনুযায়ী, আইবিএ ইউনিটের ভর্তি পরীক্ষা ২৮ নভেম্বর এবং চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষা ২৯ নভেম্বর অনুষ্ঠিত হবে। এরপর ৬ ডিসেম্বর ব্যবসায় শিক্ষা ইউনিট, ১৩ ডিসেম্বর কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট এবং সবশেষে ২০ ডিসেম্বর বিজ্ঞান ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। বর্ধিত এই সময়ের মধ্যে সকল যোগ্য ভর্তিচ্ছুকে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।