ডিসেম্বর ২৪, ২০২৫, ০৯:২৩ পিএম
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের অপেক্ষায় থাকা প্রার্থীদের জন্য বিশেষ নির্দেশনা জারি করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগে দুটি পৃথক ধাপে পরীক্ষার কথা থাকলেও এখন দুই ধাপের পরীক্ষা একই দিনে অনুষ্ঠিত হবে।
বুধবার (২৪ ডিসেম্বর) অধিদপ্তরের মহাপরিচালক আবু নুর শামসুজ্জামান স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে পরীক্ষার সময়সূচি ও নিয়মাবলী জানানো হয়।
পরীক্ষার সময় ও তারিখ: আগামী ২ জানুয়ারি (শুক্রবার) পার্বত্য তিন জেলা (খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান) বাদে দেশের সকল জেলায় এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত একটানা ৯০ মিনিট পরীক্ষা চলবে।
প্রবেশপত্র সংগ্রহ: পরীক্ষার্থীরা আগামী ২৭ ডিসেম্বর সকাল ১০টা থেকে নির্ধারিত ওয়েবসাইটে ইউজার নেম ও পাসওয়ার্ড অথবা এসএসসির তথ্য দিয়ে লগইন করে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। প্রার্থীদের নিবন্ধিত মোবাইল নম্বরে (০১৫১১-৬৬২২৬৬) এসএমএসের মাধ্যমেও বিষয়টি জানানো হবে।পরীক্ষার্থীদের জন্য বিশেষ সতর্কবার্তা: ১. প্রবেশের সময়: প্রার্থীদের অবশ্যই সকাল ৯টার মধ্যে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে হবে। ৯টার পর কোনো প্রার্থীকে আর কেন্দ্রে ঢুকতে দেওয়া হবে না।
২. প্রয়োজনীয় কাগজপত্র: পরীক্ষায় অংশগ্রহণের জন্য রঙিন প্রিন্ট করা প্রবেশপত্র এবং মূল জাতীয় পরিচয়পত্র (NID) সঙ্গে রাখা বাধ্যতামূলক। ৩. নিষিদ্ধ সামগ্রী: মোবাইল ফোন, বই, ক্যালকুলেটর, সব ধরনের ঘড়ি, ইলেকট্রনিক ডিভাইস, ভ্যানিটি ব্যাগ বা কোনো প্রকার কাগজপত্র সঙ্গে রাখা সম্পূর্ণ নিষিদ্ধ। কোনো ডিজিটাল ডিভাইস পাওয়া গেলে সংশ্লিষ্ট পরীক্ষার্থীকে সরাসরি বহিষ্কার ও আইনি ব্যবস্থা নেওয়া হবে।
অধিদপ্তরের পক্ষ থেকে প্রার্থীদের নিয়োগের ক্ষেত্রে কোনো ধরনের আর্থিক লেনদেন বা প্রতারক চক্রের ফাঁদে পা না দেওয়ার জন্য বিশেষভাবে সতর্ক করা হয়েছে। নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ মেধার ভিত্তিতে ও স্বচ্ছতার সাথে সম্পন্ন করা হবে বলে আশ্বস্ত করেছে ডিপিই।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন