রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

শিক্ষক-কর্মচারীদের বেতন নিয়ে মাউশির জরুরি নির্দেশনা

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ২৫, ২০২৬, ০৭:২০ পিএম

শিক্ষক-কর্মচারীদের বেতন নিয়ে মাউশির জরুরি নির্দেশনা

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ২০২৬ সালের জানুয়ারি মাসের বেতন ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) ব্যবস্থায় প্রদানের লক্ষ্যে নতুন ও জরুরি নির্দেশনা জারি করেছে। আজ রোববার (২৫ জানুয়ারি) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই নির্দেশনার কথা জানানো হয়। এখন থেকে শিক্ষকদের এমপিও অর্থ সরাসরি তাদের ব্যাংক হিসাবে পৌঁছানোর প্রক্রিয়াটি আরও স্বচ্ছ ও সহজতর করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, এখন থেকে প্রতিষ্ঠানপ্রধানদের অনলাইনে ইএমআইএস (EMIS) সিস্টেমের এমপিও-ইএফটি মডিউলে লগইন করে বিল সাবমিট করতে হবে।

 আগে থেকে নির্ধারিত আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে এই বিল দাখিল প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। প্রতিটি শিক্ষক-কর্মচারীর জন্য বিধিমোতাবেক প্রাপ্য অর্থ আলাদাভাবে নির্ধারণ করে বিল পাঠাতে হবে। প্রতিষ্ঠানপ্রধানরা যে তথ্য দাখিল করবেন, তার ভিত্তিতেই অর্থ ছাড় করা হবে।

মাউশি আরও স্পষ্ট করেছে যে, যদি কোনো শিক্ষক-কর্মচারী মৃত্যুবরণ করেন, পদত্যাগ করেন, সাময়িকভাবে বরখাস্ত হন কিংবা অনুমোদনহীন অনুপস্থিত থাকেন, তবে সেই তথ্য বিল সাবমিটের সময় নির্ভুলভাবে উল্লেখ করতে হবে। 

কোনো কারণে আংশিক বা সম্পূর্ণ বেতন কর্তনের প্রয়োজন হলে তা আগেভাগেই জানাতে হবে। ভুল তথ্যের কারণে কোনো অতিরিক্ত অর্থ বা বেতন প্রেরণে জটিলতা সৃষ্টি হলে তার দায়ভার পুরোপুরি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধানকে বহন করতে হবে। মূলত ডিজিটাল পদ্ধতিতে দ্রুত বেতন নিশ্চিত করতেই এই কড়া বার্তা দিয়েছে অধিদপ্তর।