রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

বেরোবিতে শুরু হলো দুই দিনব্যাপী শীত উৎসব

রাকিবুল হাসান মুন্না

জানুয়ারি ২৯, ২০২৬, ০৮:৪৯ পিএম

বেরোবিতে শুরু হলো দুই দিনব্যাপী শীত উৎসব

ছবি-দিনাজপুর টিভি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে (বেরোবি) শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী ‘শীত উৎসব ১৪৩২’-এর জমকালো উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে উৎসবটির উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপাচার্যের সহধর্মিণী মোছাঃ মাহমুদা আক্তার উপস্থিত ছিলেন।

উদ্বোধনী বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী বলেন, "বাঙালির চিরায়ত লোকজ সংস্কৃতি নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন অত্যন্ত প্রশংসনীয়। শীত উৎসব আমাদের কৃষ্টি ও ঐতিহ্যের সঙ্গে শিক্ষার্থীদের গভীরভাবে সংযুক্ত করে। এমন সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে ক্যাম্পাসে সৌহার্দ্য ও সম্প্রীতির মেলবন্ধন আরও সুদৃঢ় হবে।"

উদ্বোধন শেষে উপাচার্য ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উৎসবে অংশ নেওয়া বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী পিঠা-পুলির স্টলগুলো পরিদর্শন করেন। গ্রামবাংলার পিঠার সমারোহ দর্শনার্থীদের মাঝে বিশেষ আকর্ষণ তৈরি করে।

২৯ ও ৩০ জানুয়ারি দুই দিনব্যাপী এই উৎসবে লোকগান, নৃত্য, কবিতা আবৃত্তি ও সংগীতানুষ্ঠানসহ নানা সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন রাখা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজক কমিটির সদস্যসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।