জানুয়ারি ৩১, ২০২৬, ০৬:০৮ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অবৈধ দোকান থেকে চাঁদাবাজির অভিযোগ তুলে মানহানিকর বক্তব্য ও অপপ্রচার চালানোর অভিযোগে ডাকসুর সদস্য সর্বমিত্র চাকমাকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। জাতীয় ছাত্রশক্তির ঢাবি শাখার সহসভাপতি নুরুল গনি সগীরের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট নাজমুস শাকিব এই নোটিশ প্রেরণ করেন।
শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী শিক্ষার্থী নেতা নুরুল গনি সগীর এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার রাজনৈতিক ও সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে এই ধরনের ভিত্তিহীন প্রচারণা চালানো হচ্ছে।
সংবাদ সম্মেলনে নুরুল গনি সগীর জানান গত ২৪ জানুয়ারি ক্যাম্পাসের অবৈধ দোকানপাট নিয়ে করা একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে তার বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির অভিযোগ তোলার চেষ্টা করা হয়।
এই অভিযোগের পরিপ্রেক্ষিতে তিনি ২৫ জানুয়ারি সংবাদ সম্মেলন করে অভিযোগকারীর প্রতি ১২ ঘণ্টার সময় বেঁধে দিয়েছিলেন যাতে অভিযোগের সপক্ষে কোনো সুনির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করা হয়। কিন্তু সেই নির্ধারিত সময়সীমা পার হয়ে চার দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত কোনো প্রমাণ বা সংশ্লিষ্ট চিত্র উপস্থাপন করা হয়নি। প্রমাণ দিতে ব্যর্থ হওয়ায় এবং মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করায় তিনি বিষয়টি আইনিভাবে মোকাবেলার সিদ্ধান্ত নিয়েছেন।আইনি নোটিশে উল্লেখ করা হয়েছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া বিভিন্ন পোস্ট ও বক্তব্যের মাধ্যমে নুরুল গনি সগীরকে চাঁদাবাজ হিসেবে উপস্থাপন করা হয়েছে যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।
এসব বানোয়াট অভিযোগের কারণে তার ব্যক্তিগত ও রাজনৈতিক জীবনে ব্যাপক ক্ষতি হয়েছে। নোটিশে আরও বলা হয় অভিযুক্ত ব্যক্তি কোনো গ্রহণযোগ্য প্রমাণ দিতে পারেননি বরং একজন শিক্ষার্থী নেতাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করেছেন যা দণ্ডবিধি অনুযায়ী মানহানি ও হয়রানিমূলক অপরাধের শামিল। এই ধরনের অপপ্রচার ক্যাম্পাসের শিক্ষার পরিবেশ ও সুস্থ ছাত্র রাজনীতির জন্য হুমকিস্বরূপ।
লিগ্যাল নোটিশে সর্বমিত্র চাকমাকে নোটিশ প্রাপ্তির ১০ ঘণ্টার মধ্যে প্রকাশ্যে তার মানহানিকর অভিযোগ প্রত্যাহার করার দাবি জানানো হয়েছে। একই সাথে সংশ্লিষ্ট সব পোস্ট ও বক্তব্য অপসারণ এবং নিঃশর্ত ক্ষমা প্রার্থনার আহ্বান জানানো হয়েছে। অন্যথায় নুরুল গনি সগীর আইনি ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবেন বলেও নোটিশে সতর্ক করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থী ও বিভিন্ন ছাত্র সংগঠনের মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। এখন দেখার বিষয় অভিযুক্ত সর্বমিত্র চাকমা এই আইনি নোটিশের জবাবে কী পদক্ষেপ নেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন