সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

নবম পে-স্কেলের দাবিতে শহীদ মিনারে সরকারি কর্মচারীদের বিক্ষোভ

দিনাজপুর টিভি ডেস্ক

ফেব্রুয়ারি ৬, ২০২৬, ১১:৩৯ এএম

নবম পে-স্কেলের দাবিতে শহীদ মিনারে সরকারি কর্মচারীদের বিক্ষোভ

নবম জাতীয় বেতন কমিশনের গেজেট প্রকাশ ও অবিলম্বে তা বাস্তবায়নের দাবিতে ফের উত্তাল হয়ে উঠেছে রাজপথ। আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হয়েছেন হাজার হাজার সরকারি কর্মচারী। বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের আহ্বানে আয়োজিত এই সমাবেশে বিভিন্ন সরকারি, আধা-সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীরা অংশ নেন। 

আন্দোলনকারীরা জানান, সরকার গত ৩১ জানুয়ারির মধ্যে পে-স্কেলের গেজেট প্রকাশের প্রতিশ্রুতি দিলেও তা রক্ষা করেনি, যার ফলে তারা আজ ‘ভুখা মিছিল’ নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার অভিমুখে যাত্রা করেছেন।

সমাবেশে ঐক্য পরিষদের মুখ্য সমন্বয়ক ওয়ারেছ আলী বলেন, "আমরা দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে আমাদের ন্যায্য দাবি জানিয়ে আসছি। কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো দৃশ্যমান অগ্রগতি নেই।" তিনি আরও অভিযোগ করেন যে, বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে বর্তমান বেতন দিয়ে সংসার চালানো অসম্ভব হয়ে পড়েছে।

 এর আগে গত ১ থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত সারাদেশে একযোগে চার ঘণ্টা করে কর্মবিরতি পালন করেছিলেন কর্মচারীরা। আজকের সমাবেশ থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত সারাদেশে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। আন্দোলনে সংহতি জানিয়ে অনেক প্রাথমিক শিক্ষক নেতাও সমাবেশে উপস্থিত ছিলেন।অন্যদিকে, সরকারের পক্ষ থেকে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান সম্প্রতি জানিয়েছেন যে, পে-কমিশনের প্রতিবেদন জমা পড়লেও অন্তর্বর্তী সরকারের মেয়াদ সীমিত হওয়ায় তারা এটি বাস্তবায়নের চূড়ান্ত সিদ্ধান্ত নিচ্ছেন না।

 

বিষয়টি পর্যালোচনার জন্য মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। তবে কর্মচারীরা বলছেন, বর্তমান অর্থনৈতিক সংকটে পে-স্কেল বাস্তবায়ন ছাড়া তাদের বাঁচার পথ নেই। আজকের এই বিক্ষোভ ও যমুনা অভিমুখে পদযাত্রাকে কেন্দ্র করে শাহবাগ ও মিন্টো রোড এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ ও সেনাবাহিনী।