রাকিবুল হাসান মুন্না
ফেব্রুয়ারি ৭, ২০২৬, ০৭:৩১ পিএম
ছবি-দিনাজপুর টিভি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জাতীয় গণভোট উপলক্ষে শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে (বেরোবি) ৬ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। আগামী ৯ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে।
শনিবার (০৭ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত সিন্ডিকেটের ১১৯তম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, জাতীয় নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে শিক্ষার্থীদের নিরাপদ চলাচল এবং ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতেই এই দীর্ঘ ছুটির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, সরকার ইতোমধ্যেই ১১ ও ১২ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করেছে।
সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৫ ফেব্রুয়ারি রবিবার থেকে বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক কার্যক্রম (ক্লাস ও পরীক্ষা) পূর্বের নিয়ম অনুযায়ী পুনরায় শুরু হবে।বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, এই ছুটির ফলে শিক্ষার্থীরা নিজ নিজ এলাকায় গিয়ে স্বাচ্ছন্দ্যে ভোট প্রদান করতে পারবে এবং একাডেমিক ক্যালেন্ডারের শৃঙ্খলাও বজায় থাকবে।