রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

হাবিপ্রবিতে রমজানের নতুন সময়সূচি ঘোষণা

মোঃ রাহাত হোসেন

ফেব্রুয়ারি ১৯, ২০২৬, ০১:৫৫ পিএম

হাবিপ্রবিতে রমজানের নতুন সময়সূচি ঘোষণা

হাবিপ্রবির প্রশাসনিক ভবন

আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে রোজাদারদের সুবিধার্থে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমের সময়সূচিতে পরিবর্তন এনেছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের রমজানের পবিত্রতা রক্ষা এবং রোজা পালনে স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে দাপ্তরিক সময় কমিয়ে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। 

গত মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আবু হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে সময়সূচি পরিবর্তনের এই তথ্য আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, রমজান মাস চলাকালীন হাবিপ্রবির সকল দাপ্তরিক ও একাডেমিক কার্যক্রম প্রতিদিন সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকেল ৩টা ৩০ মিনিট পর্যন্ত চলবে। তবে যোহরের নামাজের বিরতির জন্য দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত ১৫ মিনিটের একটি বিশেষ বিরতি রাখা হয়েছে। 

বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদ ও প্রশাসনিক শাখায় এই নতুন সময়সূচি কার্যকর হবে। সাধারণ অফিস সময়সূচি কমানো হলেও বিশ্ববিদ্যালয়ের জরুরি সেবাসমূহ এই নিয়মের বাইরে থাকবে।রেজিস্ট্রার কর্তৃক জারিকৃত বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয় যে, বিদ্যুৎ, পানি ও স্বাস্থ্যসেবার মতো জরুরি সার্ভিসের আওতাভুক্ত জনবল ও বিভাগগুলোর ক্ষেত্রে ভিন্ন ব্যবস্থা প্রযোজ্য হবে। 

এসব জরুরি শাখার প্রধানরা তাদের নিজস্ব কাজের ধরন অনুযায়ী ডিউটি রোস্টার তৈরি করবেন এবং সেই আলোকেই বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম পরিচালনা করবেন। মূলত জরুরি সেবাগুলোতে যাতে কোনো ব্যাঘাত না ঘটে, সে বিষয়টি নিশ্চিত করতেই এই আলাদা রোস্টার তৈরির নির্দেশনা দেওয়া হয়েছে। প্রতি বছর রমজান মাসে হাবিপ্রবি প্রশাসন এ ধরনের বিশেষ সময়সূচি ঘোষণা করে থাকে, যা এবারও বর্তমান প্রশাসনিক সিদ্ধান্তের মাধ্যমে কার্যকর করা হলো।