ফেব্রুয়ারি ২২, ২০২৬, ০৭:৩৭ পিএম
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষকদের আসন্ন ঈদুল ফিতরের আগেই শতভাগ উৎসব ভাতা বা বোনাস প্রদানের দাবি নিয়ে ইতিবাচক আলোচনার আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। রোববার শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক বিশেষ বৈঠকে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের পক্ষ থেকে এই দাবিসহ মোট ১৩ দফা দাবি উত্থাপন করা হয়। ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভূইয়ার নেতৃত্বে শিক্ষকদের একটি প্রতিনিধি দল এই বৈঠকে অংশ নেন।
বৈঠকে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।বৈঠক শেষে শিক্ষকরা জানান, আসন্ন ঈদের আগে যেন শিক্ষকদের কোনো আর্থিক সংকটে পড়তে না হয়, সেজন্য শতভাগ উৎসব ভাতা এবং নিয়মিত বেতন পরিশোধের দাবি জানানো হয়েছে।
শিক্ষকরা যাতে নিশ্চিন্তে পাঠদানে মনোনিবেশ করতে পারেন, সেজন্য তাদের জীবনযাত্রার মানোন্নয়নে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়। সেলিম ভূইয়া বলেন, বেসরকারি শিক্ষকদের দীর্ঘদিনের এই দাবি পূরণ হলে শিক্ষা ক্ষেত্রে আরও গতিশীলতা আসবে।
তিনি উল্লেখ করেন, শিক্ষকদের যেন কোনো প্রকার আর্থিক চাপ না থাকে সেটি নিশ্চিত করা সরকারের দায়িত্ব।শিক্ষকদের দাবির প্রেক্ষিতে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেন, শতভাগ উৎসব ভাতা প্রদানের বিষয়টি সরকার অত্যন্ত গুরুত্বের সাথে পর্যালোচনা করবে। তিনি উল্লেখ করেন যে, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছেন। গত শনিবার অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে প্রায় ৯০ শতাংশ সময় শিক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয় ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে বলে তিনি জানান। প্রধানমন্ত্রীর এই বিশেষ নজরদারির কারণে শিক্ষাখাতে বড় পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে।
মন্ত্রী আরও আশ্বাস দেন যে, শিক্ষকদের ন্যায্য দাবি-দাওয়া আদায়ের জন্য আর রাজপথে নামার প্রয়োজন পড়বে না। মন্ত্রণালয় শিক্ষকদের সমস্যাগুলো চিহ্নিত করে তা সমাধানের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সরকারের এই ইতিবাচক অবস্থানের ফলে শিক্ষকদের মাঝে নতুন করে আশার সঞ্চার হয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত কবে নাগাদ আসবে, সে বিষয়ে মন্ত্রণালয় থেকে সুনির্দিষ্ট কোনো সময়সীমা এখনো জানানো হয়নি। সংশ্লিষ্টরা মনে করছেন, আগামী ঈদুল ফিতরের আগেই এ বিষয়ে সরকার একটি চূড়ান্ত ও সুখবর প্রদান করতে পারে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন