রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

১৯ দিনের লম্বা ছুটিতে যাচ্ছেন জাবি শিক্ষার্থীরা

দিনাজপুর টিভি ডেস্ক

মার্চ ৩, ২০২৬, ১১:২৫ এএম

১৯ দিনের লম্বা ছুটিতে যাচ্ছেন জাবি শিক্ষার্থীরা

জাবি ক্যাম্পাস প্রাঙ্গণ

পবিত্র মাহে রমজান, শবে কদর, জুমাতুল বিদা, ঈদুল ফিতর এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দীর্ঘ ১৯ দিনের ছুটি পাচ্ছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১০ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। তবে এর পরের দুই দিন অর্থাৎ ২৭ ও ২৮ মার্চ শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি হওয়ায় শিক্ষার্থীরা টানা ১৯ দিন অবকাশ কাটানোর সুযোগ পাবেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে যে, এই ছুটির আওতায় নিয়মিত একাডেমিক কার্যক্রমের পাশাপাশি সকল ইনস্টিটিউট, উইকেন্ড এবং ইভিনিং প্রোগ্রামের ক্লাস ও পরীক্ষাও স্থগিত থাকবে। মূলত বিশ্ববিদ্যালয়ের বার্ষিক ক্যালেন্ডার অনুযায়ী এই বন্ধ শুরু হওয়ার কথা ছিল ১২ মার্চ থেকে। 

তবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) প্রতিনিধি ও সাধারণ শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে বিশেষ প্রশাসনিক সভায় ১০ মার্চ থেকে ছুটি কার্যকর করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। শিক্ষার্থীদের যাতায়াত এবং রমজানের প্রস্তুতির কথা বিবেচনা করেই প্রশাসন এই ইতিবাচক সিদ্ধান্তে উপনীত হয়েছে।

রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান জানান, শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি ও একাডেমিক পরিষদের মতামতের ভিত্তিতে এই ছুটির সমন্বয় করা হয়েছে। ১০ মার্চ থেকে শুরু হওয়া এই দীর্ঘ বিরতির পর আগামী ২৯ মার্চ থেকে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষা কার্যক্রম পুনরায় আগের সূচি অনুযায়ী শুরু হবে। ছুটির এই সময়ে আবাসিক হলগুলোর নিরাপত্তা এবং জরুরি প্রশাসনিক কাজের বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। দীর্ঘ ছুটির ঘোষণা আসার পর থেকেই ক্যাম্পাসে শিক্ষার্থীদের মধ্যে নাড়ির টানে বাড়ি ফেরার প্রস্তুতি শুরু হতে দেখা গেছে।