বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

অভিযুক্ত শিক্ষক সুদীপ চক্রবর্তীর শাস্তি দাবি সংশ্লিষ্টদের

দিনাজপুর টিভি ডেস্ক

এপ্রিল ২৮, ২০২৬, ০৬:৪০ পিএম

অভিযুক্ত শিক্ষক সুদীপ চক্রবর্তীর শাস্তি দাবি সংশ্লিষ্টদের

অপরাজেয় বাংলার পাদদেশে ঢাবি শিক্ষার্থীদের মানববন্ধন

শিক্ষার্থী মুনিরা মাহজাবিন মিমোর মৃত্যুর ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে আয়োজিত এই কর্মসূচিতে অভিযুক্ত শিক্ষক ড. সুদীপ চক্রবর্তীর দৃষ্টান্তমূলক শাস্তি, নিরপেক্ষ তদন্ত এবং ক্যাম্পাসে নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করার দাবি জানানো হয়।

মানববন্ধনে শিক্ষার্থীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে বিভাগের কিছু শিক্ষকের মানসিক ও ব্যক্তিগত নিপীড়নের পরিবেশই মিমোর এই করুণ পরিণতির পেছনে দায়ী। 

বিক্ষোভ অংশ নিয়ে জ্যেষ্ঠ অধ্যাপক ড. ইসরাফিল শাহিন বলেন, “আমরা চাই সুষ্ঠু তদন্ত হোক। এখানে কোনো ধরনের হস্তক্ষেপের ঝুঁকি নেই। দীর্ঘদিনের শোষণ বা নিপীড়নের অভিযোগ থাকলে সেটাও আমাদের আত্মসমালোচনার জায়গা। ভবিষ্যতে যেন এমন পরিস্থিতির পুনরাবৃত্তি না হয়।”

বিভাগের শিক্ষার্থী আনিয়া আক্তার ক্ষোভ প্রকাশ করে বলেন, “শিক্ষক-শিক্ষার্থীর সম্পর্ক হওয়া উচিত সম্মান ও স্নেহের ভিত্তিতে। কিন্তু বাস্তবে অনেক শিক্ষক আমাদের দাসের মতো মনে করেন। নিয়মিত বডি শেমিং ও মানসিক হয়রানির কারণে অনেক শিক্ষার্থী ভেঙে পড়ে। মিমো আপুর ক্ষেত্রেও এমন পরিস্থিতি তৈরি হয়েছিল বলে আমরা মনে করি।”বিভাগের চেয়ারপারসন কাজী তামান্না হক জানান, শিক্ষার্থীদের দাবি অনুযায়ী অভিযুক্ত শিক্ষক ড. সুদীপ চক্রবর্তীকে সাময়িকভাবে সব ধরনের একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি বলেন, “বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে এবং আমরা যথাযথ ব্যবস্থা নিয়েছি।”

ডাকসুর কার্যনির্বাহী সদস্য হেমা চাকমা তার বক্তব্যে বলেন, “নিপীড়নবিরোধী সেলে অভিযুক্ত শিক্ষকই যুক্ত থাকার বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক। এটি প্রমান করে ক্ষমতার অপব্যবহার কীভাবে কাঠামোগতভাবে চলছে। আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।”মানববন্ধন থেকে শিক্ষার্থীরা সাত দফা দাবি উত্থাপন করেন। যার মধ্যে রয়েছে: অভিযুক্তদের স্থায়ী বহিষ্কার, নিরপেক্ষ তদন্ত, নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করা, ভুক্তভোগী পরিবারকে আইনি সহায়তা প্রদান এবং বিচার শেষ না হওয়া পর্যন্ত অভিযুক্ত শিক্ষকের বিদেশ গমনে নিষেধাজ্ঞা।

উল্লেখ্য, গত রোববার ভোরে রাজধানীর উত্তর বাড্ডার একটি বাসা থেকে মুনিরা মাহজাবিন মিমোর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের বাবার করা মামলায় ওই দিন বিকেলেই ড. সুদীপ চক্রবর্তীকে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। উদ্ভূত পরিস্থিতিতে সোমবার একাডেমিক কমিটির সভায় তাকে বিভাগের সব ধরনের দায়িত্ব থেকে অব্যাহতির সিদ্ধান্ত নেওয়া হয়।