বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

ঘণ্টা না পেরোতেই বেরোবির নতুন ভিসির নিয়োগ বাতিল

রাকিবুল হাসান মুন্না

মে ১৪, ২০২৬, ০৮:৫৬ পিএম

ঘণ্টা না পেরোতেই বেরোবির নতুন ভিসির নিয়োগ বাতিল

ছবি-দিনাজপুর টিভি

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পৃথক দুটি প্রজ্ঞাপন অনুযায়ী, রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) নতুন উপাচার্য হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. আনিসুর রহমানের নিয়োগের প্রজ্ঞাপন জারির ঘণ্টাখানেকের মধ্যেই তা বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) সন্ধ্যায় শিক্ষা মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. সুলতান আহমেদ স্বাক্ষরিত পৃথক আদেশে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।

এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের প্রথম প্রজ্ঞাপনে (স্মারক নম্বর: ৩৭.০০.০০০০.০৭৯.১১.১৮১.২২-২০৭) জানানো হয়েছিল, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় আইন, ২০০৯-এর ১০(১) ধারা অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আনিসুর রহমানকে যোগদানের তারিখ থেকে আগামী চার বছরের জন্য উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

তবে ওই প্রজ্ঞাপন জারির কিছু সময় পরই শিক্ষা মন্ত্রণালয়ের একই কর্মকর্তার স্বাক্ষরিত আরেকটি প্রজ্ঞাপনে (স্মারক নম্বর: ৩৭.০০.০০০০.০৭৯.১১.১৮১.২২-২০৮) পূর্বের সেই নিয়োগ আদেশটি সম্পূর্ণ বাতিল করা হয়।

বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, অধ্যাপক ড. আনিসুর রহমান ২০২৪ সালের গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক সমাজকল্যাণমন্ত্রী ও সাবেক সংসদ সদস্য নুরুজ্জামান আহমেদের আপন ভগ্নিপতি। নুরুজ্জামান আহমেদ লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন এবং লালমনিরহাট-২ আসন থেকে টানা তিনবার সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পাশাপাশি সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রিত্বের দায়িত্বে ছিলেন।

বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট ও রাজনৈতিক মহলের ধারণা, ক্ষমতাচ্যুত সরকারের সাবেক মন্ত্রীর সাথে এই পারিবারিক সম্পর্ক ও তা ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন স্তরে সৃষ্ট বিতর্কের কারণেই ড. আনিসুর রহমানের এই নিয়োগ তাৎক্ষণিকভাবে বাতিল করা হয়ে থাকতে পারে। 

তবে এই তড়িঘড়ি বাতিলের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা বা মন্তব্য প্রদান করা হয়নি। এই বিষয়ে বক্তব্য জানতে শিক্ষা মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. সুলতান আহমেদের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।