জুলাই ২, ২০২৬, ১১:৩৭ এএম
দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে দীর্ঘদিন ধরে আটকে থাকা ৩২ হাজার প্রধান শিক্ষক পদের নিয়োগ প্রক্রিয়া শুরু করার ক্ষেত্রে সব ধরনের আইনি জটিলতা কেটে গেছে। আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগ প্রধান শিক্ষক নিয়োগ সংক্রান্ত এক জটিল মামলার চূড়ান্ত নিষ্পত্তি করে এই ঐতিহাসিক রায় প্রদান করেন। এই রায়ের ফলে প্রাথমিক শিক্ষা খাতে দীর্ঘদিন ধরে চলা তীব্র শিক্ষক সংকট দূর করার পথ সম্পূর্ণ প্রশস্ত হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আদালতের এই চূড়ান্ত সিদ্ধান্তের ফলে প্রাথমিক স্তরের প্রশাসনিক ও শিক্ষা কার্যক্রমে বড় ধরনের গতি ফিরবে।মামলার বিবরণ থেকে জানা গেছে, বিগত ২০১৩ সালে জাতীয়করণ করা প্রাথমিক বিদ্যালয়গুলোর শিক্ষকদের ৫০ শতাংশ চাকরিকাল গণনা করে জ্যেষ্ঠতার তালিকা তৈরি, প্রধান শিক্ষক হিসেবে স্কেল প্রাপ্তি এবং বিভিন্ন আর্থিক ও প্রশাসনিক সুবিধা আদায়ের দাবিতে শিক্ষকেরা আদালতে যান।
এই বিষয়গুলো নিয়ে ২০১৭ সালে হাইকোর্টে প্রথম একটি রিট মামলা দায়ের করা হয় এবং পরবর্তীতে একই দাবিতে আরও বেশ কয়েকটি রিট করা হয়। হাইকোর্ট এই রিটগুলোর ওপর চূড়ান্ত রায় দেওয়ার পর, ২০২৩ সালে বিষয়টি সুপ্রিম কোর্টের আপিল বিভাগে গড়ায়। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে গত ১৮ জুন এই সিভিল আপিলের ওপর শুনানি শেষ হয় এবং আপিল বিভাগ আজ ২ জুলাই রায় ঘোষণার দিন ধার্য করেছিলেন।
প্রধান শিক্ষকের শূন্য পদের কারণে দেশের বহু বিদ্যালয়ে বর্তমানে সাধারণ সহকারী শিক্ষকদের অতিরিক্ত দায়িত্ব পালন করতে হচ্ছে, যা শিক্ষা দানকে ব্যাহত করছিল। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা এই গুরুত্বপূর্ণ মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্য আদালতের কাছে বারবার বিশেষ আবেদন জানিয়ে আসছিলেন। শিক্ষা খাতের এই দীর্ঘস্থায়ী মামলাজট নিয়ে সম্প্রতি গভীর উদ্বেগ ও অসহায়ত্ব প্রকাশ করেছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানান, দায়িত্ব নেওয়ার পর থেকেই আদালত পাড়ায় এই জটিলতা খোলার জন্য তারা নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন এবং এখন এই রায় আসায় দেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থার এক বিশাল সংকট স্থায়ীভাবে সমাধান হওয়ার সুযোগ তৈরি হলো।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন