রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

টানা বৃষ্টি, এইচএসসি পরীক্ষা নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ১২, ২০২৬, ০৪:১০ পিএম

টানা বৃষ্টি, এইচএসসি পরীক্ষা নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী

কয়েকদিনের টানা বৃষ্টিতে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এ অবস্থায় পরিস্থিতি পর্যবেক্ষণ করে উচ্চ মাধ্যমিক সার্টিফেকেট বা এইচএসসি ও সমমান পরীক্ষা নেওয়া হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।রোববার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এর ফল প্রকাশের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ঢাকার বৃষ্টি পরিস্থিতি নিয়ে শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের মধ্যে ইতোমধ্যে বৈঠক হয়েছে। গত শনিবার থেকে ৬৪ জেলার জেলা প্রশাসক ও শিক্ষা বোর্ডগুলোর সঙ্গে যোগাযোগ রেখে প্রতিটি এলাকার পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। আবহাওয়া অধিদপ্তরের সবশেষ তথ্য বিশ্লেষণ করেই পরীক্ষা নেওয়া বা স্থগিতের বিষয়ে সিদ্ধান্ত হবে। কোনো এলাকার পরীক্ষা স্থগিত করতে হলে তা পরবর্তী সময়ে নেওয়ার ব্যবস্থাও প্রস্তুত রাখা হয়েছে।

প্রশ্নফাঁসের গুজব প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, প্রকৃতপক্ষে কোনো প্রশ্নপত্র ফাঁস হচ্ছে না। একটি চক্র টেলিগ্রামসহ বিভিন্ন মাধ্যমে ভুয়া প্রশ্নপত্র বিক্রি করে টাকা হাতিয়ে নিচ্ছে। এ ধরনের সাইবার অপরাধ দমনে আইন আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে।

ভোলার চরফ্যাশনের একটি কেন্দ্রে বিশৃঙ্খলা নিয়ে মন্ত্রী বলেন, এ ঘটনায় একটি মামলা হয়েছে। ভিডিও ফুটেজ দেখে দোষীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।এ সময় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমীন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক উপস্থিত ছিলেন।