জুলাই ১৬, ২০২৬, ০৬:৫৫ পিএম
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) যথাযোগ্য মর্যাদায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অগ্রসৈনিক শহীদ আবু সাঈদের দ্বিতীয় শাহাদাৎবার্ষিকী ও জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে পীরগঞ্জ উপজেলার জাফরপাড়ার বাবনপুর গ্রামে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলীর নেতৃত্বে পরিবারের সদস্য, জুলাই আন্দোলনের সহযোদ্ধা ও আহত শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা কবর জিয়ারতে অংশ নেন।
কবর জিয়ারত শেষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি শোক র্যালি বের করা হয়। র্যালিটি শহীদ আবু সাঈদ চত্বর হয়ে ক্যাম্পাসের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে শহীদ আবু সাঈদ চত্বরে পুষ্পস্তবক অর্পণ করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান, পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী।
পুষ্পস্তবক অর্পণের পর স্বাধীনতা স্মারক মাঠে জুলাই শহীদদের স্মরণে বিশেষ স্মরণসভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বলেন, জুলাই শহীদদের আত্মত্যাগের চেতনা বাস্তবায়নে বর্তমান সরকার কাজ করছে। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার পাশাপাশি জুলাই সনদের অঙ্গীকার বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নের অংশ হিসেবে নতুন আবাসিক হল, আধুনিক অডিটোরিয়াম, জিমনেশিয়াম, শহীদ আবু সাঈদ গেট ও স্মৃতিস্তম্ভসহ বিভিন্ন স্থাপনা নির্মাণ করা হবে।
বিশেষ অতিথির বক্তব্যে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, রংপুর অঞ্চলের শিক্ষা ও উন্নয়নে অঞ্চলভিত্তিক বাজেটের মাধ্যমে বড় ধরনের পরিবর্তন আনা হবে। একই সঙ্গে আবু সাঈদের মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করে রায় কার্যকরে সরকার দৃঢ়প্রতিজ্ঞ।ইউজিসির সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন বলেন, বৈষম্য কমাতে সরকার বিভিন্ন সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। শিক্ষার্থীদের কর্মসংস্থান সৃষ্টির মানসিকতা গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিশ্ববিদ্যালয় উদ্যোগ নিলে বেরোবিতে থার্ড ল্যাঙ্গুয়েজ সেন্টার প্রতিষ্ঠায় ইউজিসি সহযোগিতা করবে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় আরও বক্তব্য রাখেন শহীদ আবু সাঈদের বাবা মো. মকবুল হোসেন, স্থানীয় সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রেজেকা সুলতানা ফেন্সী এবং রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী ডন। স্মরণসভার শুরুতে শহীদ আবু সাঈদের জীবন ও আন্দোলনের ওপর দুটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠান শেষে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন