বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

মাধ্যমিকের প্রধান শিক্ষকদের মাউশির জরুরি নির্দেশনা

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ৩০, ২০২৬, ০৮:০৭ পিএম

মাধ্যমিকের প্রধান শিক্ষকদের মাউশির জরুরি নির্দেশনা

ছবি: দিনাজপুর টিভি গ্রাফিক্স

দেশের মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের ব্যক্তিগত তথ্য বিবরণীতে (পিডিএস) হোয়াটসঅ্যাপ সুবিধা সংবলিত মোবাইল নম্বরের ব্যবহার আবশ্যিকভাবে নিশ্চিত করার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। সম্প্রতি মাউশির মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইং থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই জরুরি নির্দেশনা জারি করা হয়। 

রোববার আনুষ্ঠানিকভাবে মাউশির ওয়েবসাইটে এই নির্দেশনা প্রকাশ করা হয়েছে। মাউশির মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইংয়ের উপ-পরিচালক মো. ফিরোজুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডিজিটাল মনিটরিং সিস্টেম (ডিএমএস) অ্যাপের মাধ্যমে হোয়াটসঅ্যাপ প্ল্যাটফর্ম ব্যবহার করে মাঠপর্যায়ে লাইভ মনিটরিং করার বিশেষ ব্যবস্থা চালু রয়েছে। 

তবে লক্ষ্য করা যাচ্ছে যে, অধিকাংশ প্রধান শিক্ষকের পিডিএসে সংরক্ষিত মোবাইল নম্বরে হোয়াটসঅ্যাপ সক্রিয় না থাকায় মাঠপর্যায়ের এই লাইভ মনিটরিং কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এই পরিস্থিতি বিবেচনায় যেসব মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পিডিএসে উল্লেখিত মোবাইল নম্বরটি হোয়াটসঅ্যাপ ব্যবহারে উপযোগী নয়, তাদের সেই নম্বরটি দ্রুত পরিবর্তন করতে বলা হয়েছে।

আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে অবশ্যই হোয়াটসঅ্যাপ সুবিধাযুক্ত নতুন নম্বর দ্বারা পিডিএস হালনাগাদ করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষা কার্যক্রমের মনিটরিং আরও গতিশীল ও কার্যকর করার লক্ষে এই নির্দেশনা অত্যন্ত জরুরি বলে মাউশির পক্ষ থেকে জানানো হয়েছে।