বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

মাধ্যমিকের শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশনা

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ৯, ২০২৬, ১২:২৭ পিএম

মাধ্যমিকের শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশনা

ছবি: সংগৃহীত

দেশের মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত সব শিক্ষককে সাইবার নিরাপত্তা বিষয়ক অনলাইন প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করে নির্ধারিত সময়ের মধ্যে সনদ সংগ্রহের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও ডিজিটাল সচেতনতা নিশ্চিত করতে জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফের কারিগরি সহায়তায় এই বিশেষ কার্যক্রম চালু করা হয়েছে। 

মঙ্গলবার মাউশির প্রশিক্ষণ শাখা থেকে জারি করা এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যেই এই প্রশিক্ষণ শেষ করে সনদ ডাউনলোড করতে হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী, মাউশির নির্ধারিত ডিজিটাল প্ল্যাটফর্মে প্রবেশ করে শিক্ষকরা নিজস্ব শিক্ষক পরিচিতি নম্বর বা পিডিএস আইডি ব্যবহার করে প্রশিক্ষণে অংশ নিতে পারবেন। 

কোর্সটিতে সর্বমোট ছয়টি শিক্ষণ মডিউল অন্তর্ভুক্ত রয়েছে। এর মধ্যে ষষ্ঠ মডিউলে শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের সরাসরি সম্পৃক্ত করে একটি ব্যবহারিক সাইবার সচেতনতামূলক ক্লাস পরিচালনা করার বাধ্যবাধকতা রাখা হয়েছে। ক্লাস পরিচালনার পর সেই কার্যক্রমের আলোকচিত্র বা ভিডিও নির্ধারিত অনলাইন লিংকে আপলোড করতে হবে। 

সব মডিউল ও শ্রেণি কার্যক্রম সফলভাবে সম্পন্ন করার পরেই শিক্ষকরা প্ল্যাটফর্ম থেকে চূড়ান্ত সনদ ডাউনলোড করার সুযোগ পাবেন। এই অর্জিত সনদে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এবং জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা অ্যাকাডেমির মহাপরিচালকদের যৌথ স্বাক্ষর থাকবে।