মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬,

ডাকসু নির্বাচনে কে কত ভোট পেলেন, ফলাফল ঘোষণা

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ১০, ২০২৫, ১০:২৩ এএম

ডাকসু নির্বাচনে কে কত ভোট পেলেন, ফলাফল ঘোষণা

ছবি - সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়েছে, যেখানে প্রতিটি হলের আলাদা ফলাফলও প্রকাশ করা হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করে। ঘোষিত ফলে ভিপি পদে শিবির সমর্থিত সাদিক কায়েম, জিএস পদে ফরহাদ এবং এজিএস পদে মহিউদ্দীন বিপুল ব্যবধানে বিজয়ী হয়েছেন।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টা ৫০ মিনিট থেকে হলগুলোর ফলাফল ঘোষণা শুরু হয় এবং বুধবার সকাল ৬টার দিকে ফজিলাতুন্নেসা মুজিব হলের ফলাফল ঘোষণার মধ্য দিয়ে তা শেষ হয়। ১৮টি হলের মোট ফলাফলে ভিপি পদে সাদিক কায়েম ১৪ হাজার ৪২ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবিদুল ইসলাম পেয়েছেন ৫ হাজার ৭০৮ ভোট। অন্যান্য প্রার্থীদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন ৩ হাজার ৮৮৩, উমামা ফাতেমা ২ হাজার ৫৪৯ এবং বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদের আব্দুল কাদের ৬৬৮ ভোট পেয়েছেন।

সাধারণ সম্পাদক (জিএস) পদে এসএম ফরহাদ ১০ হাজার ৭৯৪ ভোট পেয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী শেখ তানভীর বারী হামিম ৫ হাজার ২৮৩ এবং প্রতিরোধ পর্ষদের মেঘমল্লার বসু ৪ হাজার ৯৪৯ ভোট পেয়েছেন। বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদের আবু বাকের মজুমদার ৮৪৫ ভোট পেয়েছেন।

সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে মহিউদ্দীন খান ১১ হাজার ৭৭২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ছাত্রদল সমর্থিত তানভীর আল হাদী মায়েদ পেয়েছেন ৫ হাজার ৬৪ ভোট।

বিভিন্ন হলের ফলাফলের কিছু অংশও প্রকাশ করা হয়েছে। যেমন, অমর একুশে হলে ভিপি পদে আবিদুল ইসলাম ১৪১ ভোট, সাদিক কায়েম ৬৪৪ এবং উমামা ফাতেমা ৯০ ভোট পেয়েছেন। সুফিয়া কামাল হলে ভিপি পদে আবিদুল ইসলাম ৪২৩, সাদিক কায়েম ১২৭০ এবং উমামা ফাতেমা ৫৪৭ ভোট পেয়েছেন।