সেপ্টেম্বর ২১, ২০২৫, ০৫:৩০ পিএম
অন্তর্বর্তী সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) ছিলেন মানবাধিকার প্রতিষ্ঠার অগ্রপথিক। তিনি আধুনিক বিশ্বের জনপ্রিয় পরিভাষাগুলো—যেমন মানুষের অধিকার, নারী বা শিশুর অধিকার এবং মতপ্রকাশের অধিকার—দেড় হাজার বছর আগেই বলে গেছেন।
রোববার (২১ সেপ্টেম্বর, ২০২৫) জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।ধর্ম উপদেষ্টা বলেন, মহানবী (সা.) কেবল তত্ত্বই দেননি, বরং তা বাস্তবায়ন করে দেখিয়েছেন।
তিনি হাদিসের উদ্ধৃতি দিয়ে বলেন, "অনারবের ওপর আরবের, অথবা আরবের ওপর অনারবের; কালো মানুষের ওপর সাদা মানুষের, অথবা সাদা মানুষের ওপর কালো মানুষের কোনো বিশেষ মর্যাদা বা প্রাধান্য নেই।" তিনি বর্ণবৈষম্য ও জাত্যাভিমানের অবসান ঘটিয়েছিলেন।
'মদিনার সনদ'কে প্রথম লিখিত সংবিধান হিসেবে আখ্যায়িত করে ড. খালিদ হোসেন বলেন, রাষ্ট্র কীভাবে সংবিধান অনুসারে পরিচালিত হবে, সেই ধারণা তিনিই প্রথম দিয়ে গেছেন। তিনি নারীর অধিকার প্রতিষ্ঠায় মহানবী (সা.)-এর অবদানের কথাও স্মরণ করেন।
তিনি বলেন, প্রাচীন রোমান, পারস্য ও ভারতীয় সাম্রাজ্যে নারীকে অবজ্ঞা করা হলেও, মহানবী (সা.) ঘোষণা করেছিলেন, "মায়ের পায়ের নিচে জান্নাত।" এই মহৎ ঘোষণা নারীকে সর্বোচ্চ মর্যাদা দিয়েছে।অনুষ্ঠানে তিনি সবাইকে মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ করে জীবনকে আলোকিত করার অনুরোধ জানান।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিমের উদ্বোধনী বক্তব্যের পর ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. রইছ উদ্দীনের সভাপতিত্বে এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শারমিন এবং ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খান।



দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন